Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বেরোবি শিক্ষক সমিতির কর্মবিরতি, আগামীকাল জরুরি সভা

brb

বেরোবি সংবাদদাতাঃ মন্ত্রিপরিষদ সভায় সদ্য অনুমোদিত ৮ম জাতীয় বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়নের প্রতিবাদ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণার দাবিতে পূর্নদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার দিনব্যাপী এই কর্মসূচি পালন করেন শিক্ষকবৃন্দ। কর্মবিরতির কারনে বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয় নি।

একই দাবিতে বেরোবি শিক্ষক সমিতির পক্ষ থেকে আরো বৃহৎ কর্মসূচি ঠিক করতে আগামীকাল বুধবার সকাল ১১টায় জরুরি সাধারণ সভা আহবান করা হয়েছে। আজ মঙ্গলবার কর্মসূচি চলাকালে সমিতির কার্যনির্বাহী সংসদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষকরা অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের বক্তব্যের কঠোর সমালোচনা করেন এবং নিন্দা জানান। পরে সমিতির পক্ষ থেকে শিক্ষকবৃন্দ উপাচার্য অধ্যাপক ড. একেএম নূর-উন-নবীর সঙ্গে সাক্ষাত করে শিক্ষকদের চলমান আন্দোলনে একাত্মতা ঘোষণা করে সহযোগিতা করার অনুরোধ করেন।

কর্মবিরতি চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী মঞ্চ তৈরি করে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকবৃন্দ। এতে সমিতির সভাপতি ড. আর এম হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মণসহ বিভিন্ন বিভাগের অর্ধ-শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী একই দাবিতে দীর্ঘদিন থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.