বোদায় বৃষ্টির পানির অভাবে এখনও আমন চাষ শুরু হয়নি
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় বৃষ্টির পানির অভাবে এখনও পর্যন্ত কৃষকরা আমন চাষ শুরু করতে পারেনি। বর্ষা কাল শুরু হয়েছে। আষাঢ় মাসের অর্ধেক সময় চলে গেছে কিন্তু তেমন বড় ধরণের বৃষ্টি না হওয়ায় কৃষকরা তাদের আমন ধানের চারা রোপন করতে পারছে না। বৃষ্টি পানির দিকে চেয়ে না থাকে অনেক কৃষক আবার স্যালো মেশিনের পানি দিয়ে আমন ধানের চারা রোপন শুরু করেছেন। উপজেলার কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, আমন ধানের বীজতলা প্রস্তুত করে রাখা হয়েছে। জমিতে বৃষ্টির পানি জমলে তারা আমন ধানের চারা রোপন শুরু করবেন। তারা আরো জানান সারাদিন মেঘলা আকাশ থাকার পরেও তেমন বড় ধরনের বৃষ্টি হচ্ছে না। এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ আল মামুনুর রশিদ জানান, চলতি মৌসুমে আমন ধানের লক্ষমাত্রা ধরা হয়েছে ২২ হাজার ১শত ৮০ হেক্টর। দুই এক দিনের মধ্যে বড় ধরণের বৃষ্টিপাত হলে কৃষকরা পুরো দমে আমন ধানের চারা রোপন করতে পারবেন। আবহাওয়া অনুকুলে থাকলে আমন আবাদের লক্ষমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।