Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মারা গেছেন ভারতের রাষ্ট্রপতির স্ত্রী শুভ্রা মুখার্জি

শুভ্রা মুখার্জিআন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি মারা গেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৫১ মিনিটে দিল্লির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার এক প্রতিবেদেন এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

হৃদরোগে আক্রান্ত শুভ্রা মুখার্জি কিছু দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থা সংকটাপন্ন হলে ৭ আগস্ট তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুভ্রা মুখার্জি ১৭ সেপ্টেম্বর ১৯৪০ সালে (টাইমস অব ইন্ডিয়া তথ্য অনুযায়ী) বাংলাদেশের যশোর জেলায় (বর্তমানে নড়াইল) জন্ম গ্রহণ করেন । নড়াইল শহরসংলগ্ন ভদ্রবিলা গ্রামে বাবা অমরেন্দ্র ঘোষ ও মা মীরা রানী ঘোষের ঘরে জন্মগ্রহণ করেন শুভ্রা ঘোষ। প্রণব মুখার্জির সঙ্গে বিয়ের পর ‘শুভ্রা মুখার্জি’ হিসেবে পরিচিতি পান তিনি। শুভ্রা মুখার্জির শৈশবের কিছুটা সময় কেটেছে ভদ্রবিলায়, আর কিছুটা কেটেছে মামাবাড়ি নড়াইল সদরের তুলারামপুর গ্রামে। পরিবারের সদস্যরা শুভ্রাকে ডাকতেন ‘গীতা’ নামে। তুলারামপুরে মামাবাড়ি থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়েন তিনি। এরপর শুভ্রা চলে যান কলকাতা। তখন তার বয়স ছিল ১০ বছর। উল্লেখ্য, শুভ্রার ভাই-বোনের মধ্যে শুধু কানাইলাল ঘোষ (৬৮) বর্তমানে ভদ্রবিলায় বসবাস করেন।

স্নাতক ডিগ্রিধারী শুভ্রা ভারতের জাতীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের পাগল ছিলেন। বর‌ীন্দ্রসংগীত শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এ ছাড়া রবীন্দ্রনাথের নাটকে বহুবার তাকে মঞ্চে দেখা গেছে। আজীবন সংগীত ও শিল্পচর্চার সঙ্গে জড়িয়ে ছিলেন। এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে তিনি পারফর্ম করেছেন।

রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম ও আদর্শ বিশ্বদরবারে আরো ছড়িয়ে দিতে শুভ্রা প্রতিষ্ঠা করেন ‘গীতাঞ্জলি ত্রৌপি’। আমৃত্যু তিনি এ প্রতিষ্ঠানের সঙ্গে ছিলেন। শুধু সংগীত ও অভিনয়ে নয়, শুভ্রার খ্যাতি ছিল চিত্রশিল্পী হিসেবেও। তার আঁকা অসংখ্য ছবি রয়েছে। অনেকবার তার ছবির প্রদর্শনী হয়েছে।

শুভ্রার লেখা দুটি বই রয়েছে- চোখের আলোয় ও চেনা অচেনায় চীন। চোখের আলোয় বইটিতে ইন্দিরা গান্ধীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দিয়ে সেই সময়ের গল্প বলেছেন। আর চীন ভ্রমণের অভিজ্ঞতার আলোকে লিখেছেন চেনা অচেনায় চীন। বহুমুখী গুণের অধিকারী শুভ্রা ছিলেন প্রণব মুখার্জির অনুপ্রেরণার উৎস। রাজনৈতিক ঘাত-প্রতিঘাতের সময় তাকে সাহস জুগিয়েছেন শুভ্রা।

শুভ্রা ও প্রণব মুখার্জির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দুই ছেলে অভিজিত মুখার্জি ও ইন্দ্রজিৎ মুখার্জি এবং মেয়ের নাম শর্মিষ্ঠা মুখার্জি। পাঁচ সদস্যের সংসার ছেড়ে চলে গেছেন একজন, শুভ্রা।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.