মিউনিখের শপিং মলে গুলি চালায় ৩ সন্ত্রাসী
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিংসেন্টারে ম্যাকডোনাল্ড ফাস্টফুডে হামলার করেছে তিন বন্দুকধারী। হামলার সর্বশেষ হালনাগাদে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
দেশটির গণমাধ্যমগুলো জানাচ্ছে, মিউনিখ পুলিশ পুরো পরিস্থিতিকে ‘চরম সন্ত্রাসের হুমকি’ বলে বর্ণনা করেছে। পুলিশ এখন সন্দেহভাজন ওই তিন বন্দুকধারীকে খুঁজছে। তাদের হাতে লম্বা নলওয়ালা বন্দুক ছিল বলে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলেই ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন, মিউনিখ পুলিশের মুখপাত্র।
এর আগে গুলিবর্ষণের ওই ঘটনায় ১৫ জন নিহতের খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। এ ঘটনায় বহু লোক আহত হয়েছে। দেশটিতে বাস ও পাতাল রেল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার সময় মিউনিখের মোসাক জেলার অলিম্পিয়া-আইনকাউফুজেন্ট্রাম শপিং মলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।
সোমবার জার্মানির একটি ট্রেনে আফগান কিশোরের কুঠার হামলার পর সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এর মধ্যেই শপিং সেন্টারে এ গুলিবর্ষণের ঘটনা ঘটলো।
এদিকে ঘটনার পর জার্মানিতে অবস্থানরত মার্কিন ও ব্রিটিশ নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে দেশগুলোর দূতাবাস।