রাজধানীতে ব্লগারকে গলা কেটে হত্যা
রাজধানীর উত্তর গোড়ানে বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্লগার নিলয় চ্যাটার্জিকে (৪০) হত্যা করেছে দুর্বৃত্তরা। নিলয় গোড়ান ৮ নম্বর রোডের পানির পাম্পের গলির একটি বাসার পঞ্চম তলায় স্ত্রী এবং বোনকে নিয়ে থাকতেন। খিলগাঁও থানার ডিউটি অফিসার এসআই জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জুমার নামাজের পর বাসা দেখার নাম করে কয়েকজন যুবক তার বাসায় ঢুকে স্ত্রী ও বোনকে জিম্মি করে নিলয়কে ধারালো অস্ত্র দিয়ে খুন করে।
নিলয় একটি এনজিওতে চাকরি করতেন। পাশাপাশি তিনি ব্লগে ও ফেসবুকে লেখালেখি করতেন। বাংলাদেশ বিজ্ঞান ও যুক্তিবাদী কাউন্সিলেরও সদস্য ছিলেন নিলয়।
গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, নিলয় গণজাগরণ মঞ্চের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি ব্লগে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মুস্তাফিজ ভূঁইয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিলয়ের লাশ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশেরপত্র/এডি/এ