Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

রাজনৈতিক দলগুলো হিসাব দিতে পারবে ৩১ আগস্ট পর্যন্ত

রাজনৈতিক দলগুলোর বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিতে এক মাস সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে যেসব দল সময় বাড়ানোর আবেদন করেনি এবং নির্দিষ্ট সময়ে হিসাবও জমা দেয়নি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সোমবার নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ নির্বাচন কমিশন সচিবালয়ে তার নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।

শাহনেওয়াজ বলেন, আইন অনুযায়ী প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব দিতে হয়। বেশ কিছু দল নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদের হিসাব জমা দিয়েছে। আবার কিছু দল নির্দিষ্ট সময়ের মধ্যে সময় বাড়ানোর আবেদন করেছে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

তিনি বলেন, যেসব দল নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাবও জমা দেয়নি আবার সময় বাড়ানোর আবেদনও করেনি, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেননা পর পর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব না দিলে সে দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। গত বছরও আওয়ামী লীগ, বিএনপিসহ বেশ কয়টি দলের আবেদনের ভিত্তিতে এক মাস অতিরিক্ত সময় দিয়েছিল ইসি। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪০টি। ইসি জনসংযোগ শাখার দেওয়া তথ্য অনুযায়ী নয়টি দল হিসাব জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে।

দলগুলোর মধ্যে রয়েছে- আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। এ ছাড়া ২৫টি দল নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব জমা দিয়েছে। অবশিষ্ট ছয়টি দল কোনো সাড়া দেয়নি।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.