Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাবি শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারী ছাত্রী বহিষ্কার

rb
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৪৬৭ তম সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেয়া হয়।

যৌন হয়রানির মিথ্যা অভিযোগকারী বিশ্ববিদ্যালয়ের ভাষা (উর্দু) বিভাগের দ্বিতীয় বর্ষে ছাত্রী শাপলা সুলতানা সাফিয়া রোকেয়া হলের আবাসিক শিক্ষার্থী। তিনি রাবি শাখা ছাত্রলীগের কর্মী।

সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান বলেন, ‘শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির বিষয়টি মিথ্যা প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সদস্যদের সর্বসম্মতিক্রমে অভিযোগকারী ওই ছাত্রীকে (শাপলা) বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। এর আগে সিন্ডিকেট থেকে ওই ছাত্রীকে কারণ দর্শানোর নোটিশও দেয়া হয়েছিল।’

প্রসঙ্গত, ২০১৫ সালের ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করে শাপলা। ঘটনাটি তদন্ত করতে ওই বছরের ২৬ ডিসেম্বর তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিনকে আহ্বায়ক করে তৎকালীন প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান ও সাবেক সিন্ডিকেট সদস্য ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. উজ্জ্বল হোসেনকে সদস্য করা হয়।

কমিটির সদস্যরা ওই ঘটনা তদন্ত করে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির কোনো অভিযোগের সত্যতা পায়নি মর্মে তদন্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট থেকে ওই ছাত্রীকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

এর আগে ওই ছাত্রী শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলার পর ক্যাম্পাসে লাগাতার কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ওই শিক্ষককে বহিষ্কারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন ঘেরাও করে ছাত্রলীগ।

Leave A Reply

Your email address will not be published.