রেকর্ড জুটি
স্পোর্টস ডেস্ক:
আয়ারল্যান্ডের বিপক্ষে ২৬০ রানের মামুলি লক্ষ্য নিয়ে খেলতে নেমে বিশ্বকাপে দেশের হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের জুটি গড়েন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শেখর ধাওয়ান। এই দুজন মিলে ১৭৪ রানের জুটি গড়েন। দলীয় ১৭৪ রানের মাথায় ব্যক্তিগত ৬৪ রান করে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। তার ৬৬ বলের ইনিংসে সমান ৩টি চার ও ছক্কার মার ছিল। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে অজয় জাদেজা ও শচীন টেন্ডুলকার মিলে ১৬৩ রানের জুটি গড়েছিলেন। মঙ্গলবার সেই রেকর্ড ভেঙে দেন রোহিত ও ধাওয়ান। এছাড়া ২০০৩ বিশ্বকাপে শচীন ও শেবাগ শ্রীলংকার বিপক্ষে ওপেনিং জুটিতে ১৫৩ রান করেছিলেন। আর এই ম্যাচের মাধ্যমেই মাত্র ৫৭ ম্যাচ খেলে ৭টি সেঞ্চুরির মালিক হয়ে গেছেন শিখর ধাওয়ান। শিখর ধাওয়ান মানেই উইকেটে নেমে ঝড় তোলা। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ক্যারিয়ারে ৮ম সেঞ্চুরি পূরণ করে ফেলেন শিখর ধাওয়ান। বিশ্বকাপেই দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন ধাওয়ান। আইরিশদের বিপক্ষে এই সেঞ্চুরিটি এলো মাত্র ৮৪ বলে। ১১টি বাউন্ডারি আর ৫টি ছক্কায় সাজানো তার এই সেঞ্চুরি। তবে তিন অংকের ঘরে পৌঁছানোর পর আর টিকতেই পারলেন না। থম্পসনের পরের বলেই পোর্টারফিল্ডের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি।