লক্ষীপুর জেলা পরিষদ নির্বাচন প্রার্থীরা সরব, ভোটাররা সাইলেন্ট
লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুর জেলা পরিষদের নির্বাচনে শেষ মুহুর্তে দৌঁড়ঝাপ চলছে প্রার্থীদের মধ্যে। নির্বাচনে জয়ী হতে অব্যাহত চেষ্টায় পাল্লা দিয়ে ভোটের মাঠে চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, না বিদ্রোহী নির্বাচিত হবেন এনিয়ে চলছে বিভিন্ন মহলে জল্পনা কল্পনা। তবে ভোটাররা মুখ খুলতে রাজি নয়, তারা সাইলেন্ট।
লক্ষীপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা পরিষদের প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মো. শামছুল ইসলাম (আনারস)। তার সাথে প্রতিদ্বন্ধিতা করছেন সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন (ঘোড়া)।
গত ১৯ ডিসেম্বর আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান (হেলিকপ্টার) দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এখন ভোট যুদ্ধে আলাউদ্দিন ও শামছুল ইসলাম মাঠে।
লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন বলেন, ভোটারদের আহবানেই আমি নির্বাচন করছি। তাদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ভোটাররা সঠিক সিদ্ধান্ত নেবেন, আমিই বিজয়ী হবো। তবে আওয়ামী লীগ নেতাদের চাপে কেউ মুখ খুলতে পারে না, তারা সাইলেন্ট রয়েছে। সবাই নিরবে আমাকে ভোট দিয়ে জয় করবে।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক অতিরিক্ত সচিব ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মো. শামছুল ইসলাম বলেন, দল আমাকে সমর্থন দিয়েছে। দলের নেতাকর্মী ও ভোটাররা আমার হয়ে কাজ করছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু বলেন, দলের প্রার্থীকে বিজয়ী করতে আমরা কাজ করে যাচ্ছি।
এদিকে, সদস্য পদে নির্বাচিত হতে বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা শেষ মুহুর্তে এসেও দিনরাত অবিরাম ভোটারদের কাছে ছুটছেন।
লক্ষীপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, জেলা পরিষদ নির্বাচনে জেলার সদর, রামগঞ্জ, রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলার ১৫ টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৬৬ জন ও সংরক্ষিত ৫ ওয়ার্ডে ১৫ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ৮২১ জন। তার মধ্যে পুরুষ ৬২৮ ও মহিলা ১৯৩ জন। বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ দুপুর ২টা পর্যন্ত ল²ীপুর জেলা পরিষদ নির্বাচন চলবে।
ভোট কেন্দ্রগুলো হচ্ছে রামগঞ্জের কাঞ্চনপুরের কাওয়ালীভাংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামগঞ্জ পৌরসভার রামগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, রায়পুরের করপাড়ার গাজীপুর রাজ্জাকিয়া জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, রায়পুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ রায়পুর আবদুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় (বাবুরহাট, চর মোহনা), রায়পুর পাইলট উচ্চ বিদ্যালয়, সদর উপজেলার হাজিরপাড়া উচ্চ বিদ্যালয়, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, ল²ীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা, ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, শাকচর মদিন উল্যাহ চৌধুরী উচ্চ বিদ্যালয়, কমলনগরের চর জাঙ্গালীয়া কে হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামগতির আহম্মাদিয়া কলেজ।
এ ব্যাপারে লক্ষীপুর জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, প্রত্যেকটি ভোট কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট থাকবেন। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার-ভিডিপি সদস্যরা ভোট কেন্দ্র ও আশপাশের এলাকায় মোতায়েন থাকবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্সও কাজ করবে।