লক্ষ্মীপুরে পুলিশের গুলিতে ১০ মামলার আসামি রাজন ডাকাত নিহত
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে দেলোয়ার হোসেন রাজন ওরফে রাজন (৩৫) ডাকাত নিহত হয়েছে। রোববার (৯ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের একটি সুপারি বাগানে ডাকাতির প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, ঘটনাস্থল থেকে একটি এলজি, ৩ রাউন্ড গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রাজন অস্ত্র ও ডাকাতিসহ ১০টি মামলার আসামি বলে জানায় পুলিশ।
নিহত রাজন উত্তর কেরোয়া গ্রামের লালগাজী পাটওয়ারী বাড়ির মৃত সৈয়দ আহম্মদের ছেলে। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে রয়েছে।
থানা পুলিশ জানায়, ঘটনার সময় উত্তর কেরোয়া গ্রামের একটি সুপারি বাগানে ডাকাত সর্দার আজগরের নেতৃত্বে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড পাল্টা গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলে রাজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। অন্য ডাকাত সদস্যরা পালিয়ে যায়। তার বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম বলেন, রাজন চিহ্নিত ডাকাত। এ ঘটনায় গ্রামবাসী খুশি। ঘটনাস্থল থেকে একটি এলজি, ৩ রাউন্ড গুলি ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ থানায় ১০টি মামলা রয়েছে।