লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস বন্ধ
যুদ্ধবিধ্বস্ত লিবিয়ায় সব ধরনের কূটনৈতিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের তিউনিশিয়ায় স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার মন্ত্রণালয়ের বিবৃতিতে প্রবাসী শ্রমিকসহ সব বাংলাদেশিকে এ মুহূর্তে লিবিয়া সফর না করতে কড়া সতর্ক বার্তা জারি করা হয়।দেশটিতে চলমান সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে লিবিয়ায় অবস্থানরত যুদ্ধ এলাকা, লোকজনের ভিড়, বিক্ষোভ বা মিছিল এড়িয়ে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, লিবিয়ার সার্বিক পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করা হচ্ছে। দূতাবাস তিউনিশিয়ায় সরিয়ে নিয়ে সেখানে তথ্যকেন্দ্র খোলা হয়েছে।
তিউনিশিয়ায় যোগাযোগের ঠিকানা : এএসএম আশরাফুল ইসলাম, কাউন্সিলর (শ্রম), ল্যান্ডফোন: +২১৬৭৫৭৫০৩০০, মোবাইল: +২১৬২১৯২৪২২৯ এবং ইমেইল : bdtripoli@yahoo.com
২০১১ সালে ন্যাটো বাহিনী লিবিয়ার সাবেক নেতা কর্নেল মোয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে উৎখাতের পর দেশটিতে বিপর্যয় শুরু হয়। বিভিন্ন দল-উপদল পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। নিহত ও উদ্ধাস্তু হয় অসংখ্য মানুষ। কার্যত দেশটিতে বর্তমানে কোনো একক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই।