Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

শঙ্কায় মুস্তাফিজ!

নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচ খেলেছেন; টি-টোয়েন্টি। তাতেই ৫ উইকেট! মুস্তাফিজুর রহমান এমনই। অন্তত এমন মুস্তাফিজকে দেখেই অভ্যস্ত ক্রিকেট বিশ্ব। ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টি, আইপিএল, কাউন্টি; খেলতে নামবেন এবং এক গাদা উইকেট তুলে নেবেন ‘কাটার বয়’। এই মুস্তাফিজকে আবার বহুদিন পর ফিরে পেয়ে নিউজিল্যান্ডে নিজেদের ইতিহাসটা বদলানোর স্বপ্নে আছে বাংলাদেশ দল।

কিন্তু গতকাল, প্রথম ওয়ানডের দু দিন আগে পর্যন্ত যথেষ্ট শঙ্কা থেকে গেছে মুস্তাফিজকে নিয়ে। তার ফিটনেসের যে অবস্থা, তাতে তিনি নিজেও নিশ্চিত না যে, প্রথম ওয়ানডে খেলতে পারবেন কি না। নিশ্চিত না টিম ম্যানেজমেন্টও।

নিউজিল্যান্ডে একমাত্র অনুশীলন ম্যাচটিতে বল করেছেন। প্রথম ওভারেই উইকেট নিয়েছেন। কিন্তু ইংল্যান্ডে কাঁধে অপারেশন করা মুস্তাফিজের কিছু আড়ষ্টতা ও কিছু ব্যথা ভাবাচ্ছে এখনও ম্যানেজমেন্টকে।

নিউজিল্যান্ডে থাকা টিম ম্যানেজমেন্টের একটি সূত্র জানালো বল থ্রো করলেই একটা ব্যথা টের পাচ্ছেন মুস্তাফিজ। ফিল্ডিংয়ে এখনও আছে দুশ্চিন্তার অবকাশ। থ্রোয়িং করতে পারছেন না পুরোপুরি, ডাইভ দেওয়া বারণ। মাঠে নেমে সব সময় সাবধানে থাকাও কঠিন; ফিল্ডিংয়ে সহজাত প্রবণতা থেকেই ডাইভ দিলে কাঁধ আবার ক্ষতিগ্রস্ত হতে পারে।

মুস্তাফিজ অবশ্য একটি সংবাদ মাধ্যমে গতকাল আলাপকালে বলেছেন, তিনি কোনো ব্যথা টের পাচ্ছেন না, ‘অনেক দিন পরে বোলিং করছি, একটু তো অস্বস্তি থাকবেই। এমনিতে সব ভালো যাচ্ছে। অল্প ব্যথা আছে, তবে কাঁধে না শরীরের পাশে। ফিজিও বলছে ওটা থাকবেই। আরও বেশ কিছু দিন থেকে আস্তে আস্তে যাবে। কোচ-অধিনায়ক, সবাই যদি চায়, তাহলে খেলব প্রথম ম্যাচে।’

বোলিং কোচ ওয়ালশও নিশ্চিত করে বলতে পারলেন না, মুস্তাফিজকে খেলানো ঠিক হবে কি না। সে সিদ্ধান্তের জন্য শেষ সময় অবধি হয়তো অপেক্ষা করবে ম্যানেজমেন্ট, ‘এখনও পর্যন্ত সব ঠিক। কিছু জড়তা, হালকা ব্যথা আছে। এতদিন পরে ফিরলে এসব থাকবেই। সে ঠিক পথেই আছে। খুব ভালোভাবে খেয়াল রাখা হচ্ছে ওর অগ্রগতি। প্রথম ম্যাচ খেলবে কিনা এখনও আমরা জানি না। আজকে ও কালকে অবস্থা দেখে আমরা সিদ্ধান্ত নেব। তবে আজকে নেট সেশনে বড় কোনো অস্বস্তি ছিল না। আমরা আশাবাদী।’

বাংলাদেশও আশাবাদী হতে চায়। সময়টা মুস্তাফিজের। মাত্র কয়েক দিন আগে আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার হয়েছেন। এই সময়টা মুস্তাফিজও চান দেশের হয়ে কাজে লাগাতে, ‘আইসিসির পুরস্কারটা স্পেশাল। পাশাপাশি ফিরে আসতে পেরেছি, এটাও স্পেশাল। আমরা এখানে এখন ভালো খেলে জিততে চাই। আমি তো একা জেতাতে পারবো না। ভালো প্র্যাকটিস হয়েছে। ভালো ক্যাম্প হয়েছে। গত এক দুই বছর আমরা ভালো খেলছি। সবাই এখন ফর্মে আছে। আমি খেলি বা না খেলি সবাই ভালো করবে।’

Leave A Reply

Your email address will not be published.