শৈলকুপায় সড়ক অবরোধ : জনদূর্ভোগ চরমে মাহেন্দ্র-বাস মালিক সমিতির মধ্যে বিরোধ
মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় মাহেন্দ্র ও বাস মালিক সমিতির মধ্যে রোড পারমিটকে কেন্দ্র করে সড়ক অবরোধ করে মিনিবাস মালিক সমিতি। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় খুলনা কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে বাস থামিয়ে সড়ক অবরোধ করে বাস-মিনিবাস মালিক সমিতিপক্ষ। ফলে জনসাধারনেরা চরম দূর্ভোগে পড়ে। এ সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন দীর্ঘ সময় দাড়িয়ে থাকে।
জানা যায়, দীর্ঘদিন ধরেই শৈলকুপা মাহেন্দ্র চালক ও বাস চালকদের মধ্যে হাটফাজিলপুর থেকে শৈলকুপা পর্যন্ত রাস্তায় গাড়ি চালানো নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল ১১টায় হঠাৎ করে মাহেন্দ্র চালকেরা শৈলকুপার কবিরপুর থেকে হাটফাজিলপুর রোডে গাড়ি চালানো শুরু করায় বাস মালিকেরা গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে এসে মহাসড়কে অবরোধ করে। মাহেন্দ্র চালকদের দাবি একটি আরামদায়ক সরকার অনুমোদিত যানবাহন মাহেন্দ্র। ইচ্ছে করেই বাস মালিক পক্ষের একগুয়েমীর কারনে জেলার সমস্ত রাস্তায় মাহেন্দ্র চললেও শৈলকুপা থেকে হাটফাজিলপুর রাস্তায় গাড়ি চালাতে বাধা দিচ্ছে। অপরদিকে বাস চালকদের অভিযোগ জেলা বাসমালিক সমিতির নিষেধাজ্ঞা সত্বেও মাহেন্দ্র চালকেরা জোর পূর্বক শৈলকুপার কবিরপুর থেকে হাটফাজিলপুর পর্যন্ত গাড়ি চালানো শুরু করেছে বলেই মহাসড়ক অবরোধ করা হয়েছে। জনভোগান্তি চরমে উঠার এক পর্যায়ে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর পুলিশ অবরোধ তুলে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ এম.এ হাসেম খান জানান, উভয়পক্ষের মালিকদের বৈঠকের মাধ্যমে একটি সুষ্ঠসমাধানের আশ্বাসে অবরোধ তুলে নেওয়ায় যান চলাচল বর্তমানে স্বাভাাবিক হয়েছে।
