সলঙ্গায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় পুলিশের সিগনালে মোটরসাইকেল দাঁড়াতে দেরি হওয়ায় কর্তব্যরত পুলিশের পিটুনীতে রাস্তায় পড়ে ট্রাকচাপায় চালক নিহত ও এক আরোহী আহত হয়েছে। নিহত মহসিন (২৮) সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের সাহেব আলীর ছেলে।
বুধবার বেলা ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের উপজেলার সলঙ্গা থানার পাটধারী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে মহসিন ও হাফিজুর রহমান সলঙ্গা থানা সদর থেকে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় পাটধারী এলাকায় পৌঁছিলে, মহাসড়কে কর্তব্যরত পুলিশ মোটরসাইকেলটি থামানোর জন্য সিগনাল দেয়। মোটরসাইকেলটি থামাতে দেরি হলে কর্তব্যরত পুলিশের বেধড়ক পিটুনীতে আরোহীদ্বয় মহাসড়কে পড়ে যায়, এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ইটবোঝাই ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই চালক মহসিন মারা যায়। পুলিশ ও এলাকাবাসী আহত মোটরসাইকেল আরোহী হাফিজকে (২৫) উদ্ধার করে হাটিকুমরুল গোলচত্বর এলকায় সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে।
আহত হাফিজুর রহমান জানান, আমরা সলঙ্গা থেকে উল্লাপাড়ায় বৈদ্যুতিক মালামাল ক্রয় করতে যাচ্ছিলাম। ঘটনাস্থলে পৌঁছিলে পুলিশ আমাদের গতিরোধ করে বেধড়ক পিটুনি দেয়, এসময় আমরা মহাসড়কে পড়ে যাই। পরবর্তী ঘটনা আমার জানা নেই।
মহাসড়কে কর্তব্যরত সলঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খালেক বলেন, ডাবলিং করে মোটর সাইকেলে যাবার সময় তাদের থামানোর জন্য সিগনাল দেয়া হয়েছিল। এ সময় তারা সিগনাল অমান্য করে দ্রুত বেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে হতাহতের ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানা উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি থানায় আটক রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।