সালথায় সরকারি বাওড় দখল করে বালু উত্তোলন, নিরব প্রশাসন
হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী এলাকায় অবস্থিত একটি সরকারি বাওড় দখল করে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন স্থানীয় প্রভাবশালীরা। গত ৩ মাস চক্রটি এখান থেকে বালু উত্তোলন করে বিক্রি করছেন। অথচ বিষয়টি এখনো প্রশাসনের নজরে আসেনি। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে বাওড়ের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
জানা গেছে, স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তির ছত্রছায়া কাগদী গ্রামের জাফর মোল্যা দীর্ঘদিন ধরে সরকারি এ বাওড় থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে লাখ লাখ টাকা বিক্রি করে আসছেন। বিষয়টি একাধিবার মাঝারদিয়া ও সোনাপুর ইউনিয়ন ভুমি অফিসকে জানানো হলেও কোন প্রতিকার পায়নি এলাকাবাসী। অভিযোগ রয়েছে, স্থানীয় ওই দুই ভুমি অফিসের তহশীলদার, পিয়ন ও উপজেলার কয়েকজন প্রতারককে প্রতি মাসে টাকা দিয়ে এভাবে বালু উত্তোলন করে বিক্রি করছেন জাফর। যে কারণে জাফর নিয়মিত বালু উত্তোলন করলেও কোন সমস্যা হচ্ছেনা ।এছাড়াও স্থানীয়রা তার ভয়ে বালু উত্তোলনের প্রতিবাদ করেন না।
মাঝারদিয়া ইউনিয়ন ভুমি অফিসের তহশীলদারের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।