Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

সেনাপ্রধানের পদবী হবে ‘চিফ অব আর্মি স্টাফ’

9266

বিডিপি প্রতিবেদক
সেনাবাহিনী প্রধানের পদবী ‘কমান্ডার ইন চিফ’-এর পরিবর্তে ‘চিফ অব আর্মি স্টাফ’ প্রতিস্থাপন করে আর্মি (এমেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৬ বিল পাস করেছে জাতীয় সংসদ। আজ বুধবার দশম সংসদের দশম অধিবেশনে বিল দুটি পাস হয়। এর আগে সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশকৃত আকারে বিলগুলো পাস করার প্রস্তাব করেন। একইভাবে বিমান বাহিনীর প্রধানের পদবী ‘কমান্ডার ইন চিফ’-এর পরিবর্তে ‘চিফ অব এয়ার স্টাফ’ প্রতিস্থাপন করে এয়ার ফোর্স (এমেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৬ পাস করেছে সংসদ। এ ছাড়া ক্যাডেট কলেজ (এমেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৬ বিলও পাস হয়েছে জাতীয় সংসদে।
পাসকৃত বিলের তুলনামূলক বিবৃতির তথ্যানুযায়ী, আর্মি অ্যাক্ট ১৯৫২ এবং এয়ারফোর্স অ্যাক্ট ১৯৫৩ সংশোধন কল্পে পাসকৃত বিল দুটিতে সংশোধনী আনা হয়। ১৯৫২ সালের অ্যাক্টে সেনাবাহিনী প্রধানের পদবী ছিল কমান্ডার ইন চিফ। একইভাবে ১৯৫৩ সালের এয়ারফোর্স অ্যাক্ট-এ বিমান বাহিনীর প্রধানের পদবি ‘কমান্ডার ইন চিফ’।
সামরিক শাসনামলে ১৯৭৬ সালে জারি করা আর্মি এমেন্ডমেন্ট অর্ডিন্যান্স দ্বারা সেনাবাহিনী প্রধানের পদবী ‘কমান্ডার ইন চিফ’-এর পরিবর্তে ‘চিফ অব আর্মি স্টাফ’ করা হয়। একইভাবে ১৯৭৬ সালে জারি করা এয়ারফোর্স অ্যাক্ট-এ বিমানবাহিনী প্রধানের পদবী ‘কমান্ডার ইন চিফ’-এর পরিবর্তে ‘চিফ অব এয়ার স্টাফ’ করা হয়। কিন্তু সুপ্রিম কোর্টের রায় দ্বারা সামরিক শাসনামলে প্রবর্তিত সকল অধ্যাদেশকে অবৈধ ঘোষণা করা হয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনের কারণেও অধ্যাদেশগুলো অকার্যকর হয়ে পড়ে। ফলে সেনাবাহিনীতে ও বিমান বাহিনীতে চিফ অব আর্মি স্টাফ-এর স্থলে ‘কমান্ডার ইন চিফ’ প্রতিস্থাপিত হয়ে যাওয়ার কথা। কিন্তু এটা কাম্য নয়। এ অবস্থার সমাধান কল্পে ২০১৩ সালের ৬ ও ৭ নং আইন দ্বারা বেআইনি ঘোষিত এবং অকার্যকর সকল আইনকে সাময়িক বৈধতা দেওয়া হয়। সরকারের নির্দেশনায় সাংবিধানিক প্রক্রিয়ায় আইনগুলো প্রণয়ন করে আইনের ধারাবাহিকতা রক্ষার জন্য বিলটি সংসদে উপস্থাপন করা হয়। এ কারণে বিদ্যমান বিধানের সঙ্গে নতুন বিধানের কোনো পার্থক্য নেই।
পাসকৃত বিলের রহিতকরণ ও হেফাজত ধারা বলে ১৯৭৬ সালের আর্মি এমেন্ডমেন্ট অর্ডিন্যান্স রহিত করা হয়। তবে উক্ত অধ্যাদেশের অধীনে করা সকল কাজকর্ম ও গৃহীত ব্যবস্থা এই আইনের অধীনে কৃত বা গৃহীত হয়েছে বলে গণ্য হবে আইনের সংরক্ষণ দেওয়া হয়।
বিল দুটির উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, অধ্যাদেশটির অধীন বিধানসমূহের কার্যকাররিতা জনস্বার্থে বহাল ও অক্ষুণ্ন রাখার লক্ষ্যে নতুন আইন করা প্রয়োজন। এ লক্ষ্যে বিলটি প্রণয়ন করা হয়েছে। বিল দুটি আইনে রূপান্তরিত হলে মূল আইন তথা আর্মি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর সর্বত্র ব্যবহৃত ‘কমান্ডার ইন চিফ’ পদবীটির স্থলে ‘চিফ অব আর্মি স্টাফ’ এবং মূল আইন তথা এয়ারফোর্স অর্ডিন্যান্স, ১৯৭৬-এর সর্বত্র ব্যবহৃত ‘কমান্ডার ইন চিফ’ পদবীটির স্থলে ‘চিফ অব এয়ার স্টাফ’ পদবী প্রতিস্থাপিত হবে।
একই কারণে পাসকৃত ক্যাডেট কলেজ (এমেন্ডমেন্ট) অ্যাক্ট ২০১৬ বিলের মাধ্যমে ১৯৬৪ সালের ক্যাডেট কলেজ অর্ডিন্যান্স ১৯৬৪-এর অনুচ্ছেদ ৪এ ও ৫এ পরিমার্জন করে ‘কনস্টিটিউশন অব দ্য কাউন্সিল অব ক্যাডেট কলেজ’ হিসেবে নতুনভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.