Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বছরে ঘুষ লেনদেন হয় ৮৮২১ কোটি টাকা: টিআইবি

tibস্বাস্থ্য, শিক্ষা, আইনশৃঙ্খলা, বিদ্যুৎ, গ্যাস, পাসপোর্ট ও বিচারিকসহ অন্তত ১৬টি খাতের সেবা পেতে বছরে ৮ হাজার ৮২১ কোটি ৮০ লাখ টাকা ঘুষ দিতে হয় বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এর মধ্যে সর্বাধিক দুর্নীতিগ্রস্ত খাত হচ্ছে পাসপোর্ট বিভাগ। দ্বিতীয় স্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা।
গতকাল বুধবার রাজধানীর ধানম-ির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলন করে ‘সেবা খাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ ২০১৫’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। প্রতিবেদনে জানানো হয়, উচ্চ আয়ের তুলনায় নিম্ন আয়ের মানুষের ওপর দুর্নীতি ও ঘুষের বোঝা অনেক বেশি। প্রতিবেদনে সার্বিকভাবে বিভিন্ন সেবা খাতে ৬৭ দশমিক ৮ শতাংশ খানার সদস্যদের দুর্নীতির শিকার হওয়ার এবং ৫৮ দশমিক ১ শতাংশের ঘুষ দিতে বাধ্য হওয়ার কথাও উঠে এসেছে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সেবা খাতে ২০১৫ সালের জাতীয় প্রাক্কলিত ঘুষের পরিমাণ ২০১৪-১৫ অর্থবছরের জাতীয় বাজেটের ৩ দশমিক ৭ শতাংশ ও জিডিপির শূন্য দশমিক ৬ শতাংশ। সর্বশেষ ২০১২ সালের সেবা খাতের দুর্নীতি জরিপের তুলনায় এবার ১ হাজার ৪৯৭ কোটি ৩০ লাখ টাকা বেশি ঘুষ দিতে হয়েছে।
তিনি বলেন, সর্বশেষ জরিপ ২০১২ সালের তুলনায় এবার মানুষের দুর্নীতির শিকার হওয়ার হার প্রায় ১ শতাংশ ও ঘুষের শিকার হওয়ার হার ৬ শতাংশ বেড়েছে। সেবা খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতি ও ঘুষের শিকার হতে হয় পাসপোর্ট খাতে। পাসপোর্ট সেবা নিতে ৭৭ দশমিক ৭ শতাংশকে দুর্নীতির শিকার হতে হয়। ঘুষ দিতে হয় ৭৬ দশমিক ১ শতাংশকে। দ্বিতীয় স্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে দুর্নীতির প্রকোপ ও ঘুষের শিকার হতে হয় বেশি।
ইফতেখারুজ্জামান বলেন, খানা জরিপে উঠে এসেছে ঘুষ না দিলে কাক্সিক্ষত সেবা পান না ৭১ শতাংশ খানার সদস্য। তিনি বলেন, দুর্নীতির ব্যাপকতা ও গভীরতা উদ্বেগজনক। দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া, রাজনৈতিক সদিচ্ছার অভাব ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার প্রবণতা থাকায় দুর্নীতি প্রতিরোধ সম্ভব হচ্ছে না। আশা করি, আগামীতে কার্যকর আরও উদ্যোগ নেওয়া হবে।
দুর্নীতি রোধে নিয়োগ, পদোন্নতি এবং বদলিতে দলীয়করণ ও রাজনৈতিক হস্তক্ষেপের অবসান ঘটিয়ে সব খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতেরও সুপারিশ করেন তিনি।
টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, দুর্নীতির ব্যাপকতার উদ্বেগের অন্যতম কারণ হলো, মানুষের প্রাত্যহিক জীবনে জড়িয়ে পড়েছে দুর্নীতি। দুর্নীতিবিহীন জীবনযাপন যেন সম্ভব নয়। এটা নৈতিকতার ওপর বড় হামলা।
তিনি বলেন, দেশের শীর্ষপর্যায়ে যদি দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া না হয় এবং দুর্নীতিকে অস্বীকার বা লুকানোর চেষ্টা করা না হয়, একইসঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়, তাহলে দুর্নীতির চক্র থেকে আমরা বের হয়ে আসতে পারব।
টিআইবি জানায়, ২০১৫ সালে সেবা খাতে ঘুষের শিকার হওয়ার হার ২০১২ সালের তুলনায় বেড়েছে (৫৮.১% বনাম ৫১.৮%)। তবে সার্বিকভাবে অনিয়ম-দুর্নীতির হার প্রায় অপরিবর্তিত রয়েছে।
২০১২ সালের তুলনায় ২০১৫ সালে ভূমি প্রশাসন, বিচারিকসেবা, স্বাস্থ্য, ব্যাংকিং, এনজিও ও অন্যান্য খাতে দুর্নীতি উল্লেখযোগ্য হারে কমেছে। কিন্তু স্থানীয় সরকার, বিদ্যুৎ ও বিমা খাতে বেড়েছে। শিক্ষা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, কৃষি, কর ও শুল্ক খাতে দুর্নীতির হার প্রায় অপরিবর্তিত আছে। স্বাস্থ্য, বিচারিক সেবা, ভূমি প্রশাসনসহ ছয়টি খাতে ঘুষের শিকার খানার হার ২০১২-এর তুলনায় কমেছে। তবে শিক্ষা, বিদ্যুৎ এবং এনজিওর ক্ষেত্রে এই হার বেড়েছে। ঘুষের হার অপরিবর্তিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, কৃষি, কর ও শুল্ক ও অন্যান্য খাতে।
শহরাঞ্চলের তুলনায় গ্রামঞ্চলে সেবা খাতে দুর্নীতির প্রকোপ বেশি (৬২.৬% বনাম ৬৯.৫%); ঘুষ প্রদানে বাধ্য হওয়ার হারও বেশি (৫৩.৪% বনাম ৫৯.৬%)।
জরিপে দেখা গেছে, গ্যাসের সংযোগ নিতে গিয়ে খানাকে সবচেয়ে বেশি ঘুষ দিতে হয়েছে, যার গড় পরিমাণ ২৭ হাজার ১৬৬ টাকা। আর বিমা খাতে দিতে হয়েছে ১৩ হাজার ৪৬৫, বিচারিক সেবায় ৯ হাজার ৬৮৬ এবং ভূমি প্রশাসনে ৯ হাজার ২৫৭ টাকা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দৈনন্দিন জীবনযাত্রায় গুরুত্ব ও প্রভাব বিবেচনায় ১৫টি প্রধান খাতকে জরিপে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ছিল স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, ভূমি প্রশাসন, কৃষি, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, বিচারিকসেবা, বিদ্যুৎ, ব্যাংকিং, কর ও শুল্ক, এনজিও, পাসপোর্ট, গ্যাস, বিআরটিএ ও বিমা। এ ছাড়া ‘অন্যান্য’ নামে ওয়াসা, বিটিসিএল ও ডাকের সেবা খাতকে বিবেচনায় নেওয়া হয় জরিপে।
সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদনের সারাংশ উপস্থাপন করেন টিআইবির গবেষণা ও পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ওয়াহিদ আলম, প্রোগ্রাম ম্যানেজার ফারহানা রহমান ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নূরে আলম। উপস্থিত ছিলেন উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের এবং রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান।

Leave A Reply

Your email address will not be published.