Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আইয়ূব বাচ্চুর ‘মুহূর্তের মুহূর্তগুলো’

লিজেন্ড ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চুর নতুন গান তার ভক্ত শ্রোতারা শেষ শুনেছেন ‘রাখে আল্লাহ মারে কে’ অ্যালবামে। তবে এই অ্যালবামটির ডিজিটাল ভার্সনই পেয়েছেন শ্রোতা ভক্তরা।

রবি রেডিও’র ৮০৮০৫-এ কল করলে শ্রোতারা এখনো তার গানগুলো অনায়াসে শুনতে পাবেন। তবে আইয়ূব বাচ্চু ভক্তদের জন্য সুখবর হচ্ছে নতুন গান নিয়ে আসছেন তিনি। বেশ কয়েকটি গানের সমন্বয়ে আইয়ূব বাচ্চু তার এবারের অ্যালবামটি তৈরি করছেন। গানগুলো লিখেছেন নিয়াজ আহমেদ অংশু।

বাচ্চু জানান, এবার তার গানের নির্দিষ্ট কোনো ছক মানা হয়নি। কোনো গান চার লাইনের, কোনো গান আট লাইনের, কোনো গান ২০ লাইনের আবার কোনোটি এর বেশি লাইনেরও হতে পারে।

আইয়ূব বাচ্চু বলেন, একেবারেই নিজের মনের মতো করে এই অ্যালবামের গানগুলো করছি। কোন গান কখন কোথায় শেষ হবে তা শ্রোতারা শুরুতে বুঝতে পারবেন না অ্যালবামের গানের ক্ষেত্রে বলা যায় এটি আমার একটি নতুন ধারা। আমার বিশ্বাস শ্রোতারা এই ধরনের গানে অন্যরকম ভালোলাগা খুঁজে পাবেন।

তবে অ্যালবামটি কোন ব্যানার থেকে কবে আসবে তা নিশ্চিত করেননি আইয়ূব বাচ্চু। অ্যালবামের নাম দিয়েছেন তিনি ‘মুহূর্তের মুহূর্তগুলো’।

এদিকে গেলো ২১ আগস্ট পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন নায়করাজ রাজ্জাক। নায়করাজ প্রসঙ্গে আইয়ূব বাচ্চু বলেন, তিনি একজন বাবা, একজন মহানায়ক। আমি একজন গানের মানুষ হয়েও তার কাছ থেকে যে আদর, মায়া, মমতা, ভালোবাসা পেয়েছি তাতে ধন্য আমি। কখনো দেখা হলে যখন তিনি আমার নাম ধরে ডাক দিতেন-আমার মনে হতো আমার বাবাই আমার নাম ধরে ডাকছেন। তার এই হঠাৎ চলে যাওয়া মেনে নিতে হচ্ছে মেনে নিচ্ছি। কিন্তু সত্যিই তার চলে যাওয়া মেনে নেয়া যায় না। আমরা যতো না কষ্ট পাচ্ছি তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে তার পরিবার। দোয়া করি আল্লাহ যেন তার স্ত্রী, সন্তানদের এই কষ্ট সহ্য করার ক্ষমতা দেন। আল্লাহ যেন রাজ্জাক ভাইকে বেহেস্ত নসীব করেন-এই দোয়া করি।

উল্লেখ্য আইয়ূব বাচ্চু তার নতুন অ্যালবাম ‘মুহূর্তের মুহূর্তগুলো’র নামকরণ তিনি নিজেই করেছেন। গেলো ১৬ আগস্ট ছিলো লিজেন্ড এই ব্যান্ড তারকার জন্মদিন। নিজের মতো করেই দিনটি কাটিয়েছেন। দেশজুড়ে তার ভক্ত শ্রোতারা তাকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.