''বাল্য বিবাহ নারীর উন্নয়নে প্রধান অন্তরায়''

চট্টগ্রাম প্রতিনিধি: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি পটিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রোকেয়া পারভীন বলেন- “নারী নির্যাতন এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে বাল্য বিবাহ। বাল্য বিবাহের করুন পরিণতি হচ্ছে তালাক। যা একজন নারীকে সারাজীবন বয়ে বেড়াতে হয়। নারীকে তার প্রাপ্য মর্যাদা প্রদান ও সম্মান প্রতিষ্ঠার জন্য আমাদের সমাজ থেকে বাল্য বিবাহ নির্মূল করতে হবে।”
পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং উন্নয়ন সংগঠন ঘাসফুল’র যৌথ উদ্যোগে ১০ ডিসেম্বর পটিয়া উপজেলা মিলনায়তন প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালী, মানববন্ধন, আলোচনা সভা এবং বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনকারী ৫জন সফল নারীকে “জয়িতা” সম্বর্ধনা প্রদানের মাধ্যমে দিবসটি যথাযোগ্য গুরুত্বের সাথে পালন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব আতিয়া চৌধুরীর সঞ্চালিত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব রোকেয়া পারভীন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জনাব মোজাফফর আহমদ টিপু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান জনাব এয়ার মোহাম্মদ পেয়ারু, জনাব মফিজুর রহমান, উপপরিচালক-ঘাসফুল, জনাব উদয়ন বড়–য়া-উপজেলা সমবায় কর্মকর্তা, জনাব আব্দুল মতিন-উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মো: কামাল উদ্দীন, উপজেলা সমন্বয়কারী- একটি বাড়ী একটি খামার প্রকল্প। এছাড়াও উপস্থিত ছিলেন- ঘাসফুল’র সহকারী পরিচালক আনজুমান বানু লিমা ও প্ল্যান কর্মকর্তা মোস্তাফিজার রহমান এবং বিভিন্ন উন্নয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে মোট ৫জন সফল নারীকে সম্মাননা প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী: জনাব খালেদা বেগম, শিকলবাহা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী: এ্যাড. মানসী বড়–য়া, বড়উঠান, সফল জননী: গীতা রাণী চৌধুরী, ছনহরা, সমাজ উন্নয়নে অসামান্য অবদান: পূর্ণিমা দে, ধলঘাট এবং নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী: নাজমা আক্তার, শিকলবাহা।
অনুষ্ঠানে ঘাসফুল পরিচালিত পিএইচআর প্রকল্পের উপকারভোগীরা ছাড়াও উন্নয়ন সংগঠন ব্র্যাক, সুর্যের হাসি, ঘাসফুল, যুগান্তর, উষা, সবুজের যাত্রা, নারী জাগরণ সংস্থা, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মহিলা কল্যাল সমিতি, চাপোড়া মহিলা সমিতি, প্ল্যান বাংলাদেশ, ইলমা, বাংলাদেশে জাতীয় মহিলা আইনজীবী সমিতি উক্ত মহতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।