চান্দগাঁও থেকে বিপুল পরিমাণ চোরাই কাঠ আটক
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চট্টগ্রামের চান্দগাঁও থানার কুয়াইশ-অক্সিজেন সংযোগ সড়কের অনন্যা আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই কাঠ বোঝাই একটি ট্রাক আটক করেছে বনবিভাগ। গত কাল বুধবার চট্টগ্রাম উত্তর বনবিভাগের শহর রেঞ্জের বিশেষ টহল বাহিনী অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অবৈধ কাঠ আটক করতে সক্ষম হয়।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জের বিশেষ টহল টিমের কর্মকর্তা ফরেস্টার মহসিন তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিশেষ টহল বাহিনীর সদস্যরা কুয়াইশ সংযোগ সড়কে অবস্থান নেয়। সকাল ৭টার দিকে ত্রিপল ঢাকা একটি মিনি ট্রাক (নং-চট্টমেট্রো-ড-০৫-০০৮৩) কাপ্তাই সড়ক হয়ে অক্সিজেনের দিকে যাওয়ার পথে বনকর্মীরা ট্রাকটি আটক করে। এই সময় বনকর্মীদের অবস্থান টের পেয়ে ট্রাকের আরোহীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে অভিযানকারী দল ট্রাকটি তল্লাশি করে প্রায় ২শ’ ঘনফুট অবৈধ সেগুন ও গামারী প্রজাতির চিরাই কাঠ উদ্ধার করে। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহমুদুল্লাহ এর নেতৃত্বে অভিযানে অংশ নেন ফরেস্টার মহসিন তালুকদার, বনকর্মী জাহাঙ্গীর আলম, ইলিয়াছ রশিদ, জসিম উদ্দিনসহ বেশ কয়েকজন সশস্ত্র বনকর্মী।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা সৈয়দ মাহমুদুল্লাহ জানান, আটককৃত অবৈধ কাঠ ও ট্রাক বন বিভাগের চট্টগ্রামের কালুরঘাটস্থ ডিপু হেফাজতে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি বিভাগীয় বন মামলা দায়ের করা হয়েছে।