সাবধানে পথ চলছেন মৌটুসী

বিনোদন ডেস্ক:
হিসাব করে পা না ফেললে পতন অবশম্ভাবী। আর মিডিয়া জগৎ! পদে পদে পাতা ফাঁদে পা পিছলে পড়তে কতক্ষণ। আর তাই ব্যক্তিগত বিষয় কিংবা ভালো কাজের অগ্রাধিকার মাথায় রেখে হিসাব করেই সাবধানে পথ চলছেন মৌটুসী বিশ্বাস। চলচ্চিত্রে নতুন না হলেও শতভাগ বাণিজ্যিক ঘরানার ছবিতে এই প্রথম অভিনয় করছেন তিনি। আলভী আহমেদের ‘ইউ টার্ন’ নিয়ে মৌটুসী বলেন, ‘চলচ্চিত্রে টাকা লগ্নি করা হয় টাকা তুলে আনার জন্যই। সেদিক থেকে সব ছবিই কমার্শিয়াল। তার মধ্যেও প্যারালাল ছবি বলে একটি বিভাগ আছে যা আমরা বিকল্প ধারা বলি। ‘ইউ টার্ন’ ছবিটি অফবিট নয়। মশলাদার বাংলা ছবিই তৈরি করছেন পরিচালক। নামি দামি হলে গিয়ে মাঝেমধ্যে সিনেমা দেখেন যারা, শুধু তাদের জন্য নয়। সব শ্রেণির দর্শকের জন্যই এ ছবি’। ছবির কাজ প্রায় শেষের দিকে। আর দুই দিন শ্যুটিং বাকি আছে বলে জানান অভিনেত্রী। পুরানো ধারাবাহিক নাটকেই নিয়মিত অভিনয় করছেন মৌটুসী। বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে ‘ডলস্ হাউজ টু’, ‘একঝাঁক মৃত জোনাকিরা’, ‘সাতটি তারার তিমির’, ‘ফ্যামিলি প্যাক’ এবং ‘চলিতেছে সার্কাস’ এবং ‘ঝালমুড়ি’ নাটকগুলো প্রচারের অপেক্ষায় আছে। খণ্ড নাটক এবং চলচ্চিত্রের ব্যাপারে প্রাথমিক কথাবার্তা চলছে বলে জানান মৌটুসী, সেই সঙ্গে বলে নিজের সীমাবদ্ধতার কথাও। ‘আমার বাচ্চা এখনও অনেক ছোট। ওকে রেখে আমি ঢাকার বাইরে শ্যুটিং করতে যেতে পারিনা। অনেকদিক মাথায় রেখেই আমার সিডিউল দিতে হয়। তা ছাড়া নাটক বা চলচ্চিত্রে অভিনয়ের পর টাকা-পয়সা নিয়ে ঝামেলা পোহাবার অভিজ্ঞতা আমার আছে। তাই সাবধানী হয়ে গেছি। ভেবে চিন্তে সিদ্ধান্ত নিই।’