স্পোর্টসডেস্ক: প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনাল খেলা নিয়ে রোমাঞ্চিত বাংলাদেশের ক্রিকেটাররা। নিউ জিল্যান্ডের কাছে ৩ উইকেটের হারের কোনো নেতিবাচক প্রভাব সেই লড়াইয়ে পড়বে না বলে মনে করেন সাকিব আল হাসান।
নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেয়া এই অলরাউন্ডার জানান, নিউ জিল্যান্ড ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছুই কোয়ার্টার-ফাইনালে নিয়ে যেতে পারবেন তারা।
“আমরা যেভাবে খেলেছি, তাতে এই ম্যাচ থেকে আত্মবিশ্বাস নিতে পারি। আমরা ভালো খেলেছি আর এটা আমাদের কোয়ার্টার-ফাইনালে সহায়তা করবে।”
আগামী বৃহস্পতিবার মেলবোর্নে কোয়ার্টার-ফাইনালে শিরোপাধারী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
“আমাদের প্রথম লক্ষ্য ছিল কোয়ার্টার-ফাইনাল। এটা এখন এক ম্যাচের ব্যাপার। সেদিন ভালো খেললে যে কোনো কিছু হতে পারে। আমরা নিজেদের ভালো ভাবে প্রস্তুত করব। আমার মনে হয় ছেলেরা প্রস্তুত থাকবে।”
কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ প্রস্তুত থাকবে জানিয়ে সাকিব বলেন, “আমরা প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে খেলতে যাচ্ছি। এই ম্যাচের জন্য প্রস্তুত থাকব। আশা করি, রোমাঞ্চকর লড়াই হবে।”
নিউ জিল্যান্ডকে ২৮৯ রানের লক্ষ্য দিয়ে হারা ম্যাচে ইতিবাচক ব্যাপারই বেশি আছে বলে মনে করেন সাকিব।
“এই ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু আমরা নিতে পারি, যা কোয়ার্টার-ফাইনালে আমাদের কাজে লাগবে। এই আত্মবিশ্বাসটা যদি সবার কাছে থাকে আমার মনে হয়, আমরা অনেক কিছুই করতে পারব।”