Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মুক্তির মিছিলে চলচ্চিত্রাঙ্গন

বিনোদন ডেস্ক:
বছরের শুরু থেকেই রাজনৈতিক অস্থিরতার কারণে ব্যবসা বাণিজ্যে ধস নামে। যার ঢেউ এসে লাগে চলচ্চিত্রাঙ্গনেও। ফলে শ্যুটিং শেষ হলেও, ছবি মুক্তি দেয়া নিয়ে দেখা দেয় শঙ্কা। অনেকে মুক্তির তারিখ ঘোষণা করেও, শেষ মুহুর্তে পিছিয়ে আসেন। কিন্তু এভাবে কতদিন? তাই আবারো শুরু হয়েছে চলচ্চিত্র মুক্তির মিছিল। নির্মাতা প্রতিষ্ঠানগুলো অনেকটা বাধ্য হয়ে ছবি মুক্তি দিতে শুরু করেছে। ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নিয়ে আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মার্চ মাস জুড়েই প্রেক্ষাগৃহগুলোতে নতুন ছবির সংকট ছিলো। কিন্তু রাজনৈতিক অস্থিরতা কিছুটা কমে আসায় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো যেন হারানো সাহস ফিরে পেয়েছে। এ কারণে মাসের শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহগুলোতে নতুন দুটি ছবি মুক্তি পায়। এর একটি ‘হরিযূপিয়া’। গোলাম মোস্তফা শিমুল পরিচালিত এটি মূলত মুক্তিযুদ্ধের ছবি। ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনা ও তাদের দোসররা যে গণহত্যা চালিয়েছিল, তা ঘিরেই ‘হরিযূপিয়া’র গল্প। আরেকটি ছবি নাম ‘হৃদয় দোলানো প্রেম’। আবুল কালাম আজাদ পরিচালিত এ ছবির মাধ্যমে প্রায় চার মাস পর প্রেক্ষাগৃহে ফিরেন চিত্রনায়িকা আচঁল। ছবিতে এই নায়িকার বিপরীতে অভিনয় করেছেন নবাগত ফাহিম চৌধুরী ও আশিক। এদিকে এপ্রিল মাসের প্রথম শুক্রবার মুক্তি পাবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘পাগলা দিওয়ানা’ ছবিটি। এটি আলোচিত নায়িকা পরীমণির দ্বিতীয় ছবি। স্বভাবতই এ নিয়ে দর্শকদের আগ্রহ বেশি। তবে ছবিটির বিরুদ্ধে নকলের অভিযোগ তুলেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। তাদের দাবি ২০০৮ সালে ভারতে মুক্তিপ্রাপ্ত তেলেগু ছবি ‘ডেওয়ার’ হুবহু নকল করেছেন পরিচালক। রোমান্টিক অ্যাকশন ধারার এ ছবিটিতে পরীমণি ছাড়া আরও অভিনয় করেছেন শাহরিয়াজ ও আমৃতা খান। পহেলা বৈশাখকে উপলক্ষ্যে আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে দুটি নতুন চলচ্চিত্র। এর একটি শিহাব শাহীন পরিচালিত ‘ছুঁয়ে দিলে মন’।
এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রের জুটি হিসেবে দর্শকদের সামনে হাজির হচ্ছেন আরেফিন শুভ ও মম। একই দিন ইস্পাহানী আরিফ জাহান পরিচালিত ‘গুণ্ডা-দ্য টেরোরিস্ট’ নামে আরও একটি ছবি মুক্তি পাচ্ছে। তবে শোনা যাচ্ছে, তামিল ছবি ‘ইয়াবাডু’র ছায়া অবলম্বনে এটি নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী, আঁচল ও আমৃতা খান। আগামী ১৭ এপ্রিল মুক্তি পাচ্ছে কাজল কুমার পরিচালিত ‘অবাস্তব ভালোবাসা’। ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন জয় চৌধুরী ও নবাগত মাহিয়ান চৌধুরী। ২০১৩ সালের শেষের দিকে ছবির শ্যুটিং শুরু হলেও নানা জটিলতার কারণে এতদিন মুক্তি দেয়া সম্ভব হয়নি। মাসের শেষ শুক্রবার অর্থ্যাৎ ২৪ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে নজরুল ইসলাম বাবু পরিচালিত ‘চিনি বিবি’। ‘খায়রুন সুন্দরী’ খ্যাত এই পরিচালক জানান, গ্রাম-বাংলার ছবি ‘চিনি বিবি’। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন অমিত হাসান, মিষ্টি জান্নাত ও জয় চৌধুরী। মৌলিক গল্প নিয়ে বড় ক্যানভাসের এই ছবির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। ওয়াদুদ রঙ্গিলার লেখা কাহিনীর ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে এই ছবি। এপ্রিলের ধারাবাহিকতায় মে মাস জুড়েও নতুন নতুন ছবি মুক্তি পাবে বলে জানিয়েছেন প্রযোজক সমিতির উপদেষ্টা কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন দিলু। তিনি বলেন, ‘ছবি বানালেই তো তো হবে না, মুক্তিও দিতে হবে। তাই আগামী কয়েকমাস ধারাবাহিক ভাবে ছবি মুক্তি পাবে।’ এদিকে ১ মে মুক্তি পেতে যাচ্ছে আরেফিন শুভ ও মাহিয়া মাহি অভিনীত ‘ওয়ার্নিং’ ছবিটি। ম্যাপল ফিল্মস প্রযোজিত ও সাফি উদ্দিন সাফি পরিচালিত বড় বাজেটের এই ছবিটি কয়েকবার মুক্তির মিছিলে নাম লেখালেও, আলোর মুখ দেখেনি।


Leave A Reply

Your email address will not be published.