কেনিয়ায় গবাদি পশু ছিনতাইকারীদের হামলায় নিহত ৪৬
কেনিয়ার উত্তরাঞ্চলের একটি গ্রামে গবাদি পশু ছিনতাইকারীদের হামলায় কমপক্ষে ৪৬ জন নিহত ও আরো অনেকে আহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা ওসমান ওয়ারফা ডেইলি নেশন পত্রিকাকে মঙ্গলবার বলেন, ‘খুবই প্রত্যন্ত এলাকায় এ হামলা হয়েছে।’
তুরকানা-ইস্ট পোকোট জেলার সীমান্তের কাছে নাদোমির সন্নিকটে জাতিগত পোকোট গ্রামের বাসিন্দাদের ওপর সোমবার জাতিগত তুরকানা গোষ্ঠীর বন্দুকধারীরা এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তুরকানা-ইস্ট পোকোট জেলায় উভয় সম্প্রদায়ের মধ্যে প্রায়ই ভয়াবহ সংঘাত হয়।
রিফট ভ্যালির আঞ্চলিক কমিশনার ওয়ার্ফা বলেন, হামলায় ৪৬ জন নিহত হয়েছে এবং অজ্ঞাত সংখ্যক গবাদিপশু নিয়ে গেছে হামলাকারীরা। কেনিয়ার পুলিশ ও সৈন্যরা হামলাকারীদের খুঁজছে।
বারিনগো অঞ্চলের কমিশনার পিটার ওকওয়ানো বলেন, এর আগে পোকোট যোদ্ধারা তুরকানা গ্রামে হামলা চালিয়ে ১শ’ ছাগল চুরি করে এনেছিল। এ ঘটনার পর সোমবার পোকোট গ্রামে এ হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এটা উস্কানিমূলক হামলা। তিনি উত্তেজনা প্রশমনে অপরাধীদের গ্রেফতার করতে নিরাপত্তা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন।