১৯ ঘণ্টা পর গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরের ডিগনিটি কমপোজিট টেক্সটাইল মিলস লিমিটেডের আগুন প্রায় ১৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন সোমবার সকাল ১০টার দিকে এ তথ্য জানান।
তিনি বলেন, পোশাক কারখানাটির আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ড্যাম্পিংয়ের কাজ চলছে। এদিকে আগুন লাগার প্রায় ১৪ ঘণ্টা পর কারখানাটির সাততলা ইস্পাতের কাঠামোর ওপরের তিনতলা ধসে পড়ে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুর ২টা ১০ মিনিটের দিকে শ্রীপুরে উপজেলার নতুনবাজার বেতজুড়ি এলাকায় ওই কারখানায় (অবকাঠামো স্টিলের তৈরি) সাততলা ভবনের তৃতীয় তলার স্টোর রুমে আগুনের সূত্রপাত হয়। ওই ভবনের দক্ষিণ পাশের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে কারখানার কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করে। মুহূর্তেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ওই ভবনের পঞ্চম তলা পর্যন্ত ছড়িয়ে ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে গাজীপুরের শ্রীপুর, জয়দেবপুর ও টঙ্গী, ঢাকার সদর দপ্তর, সাভারের ইপিজেড এবং ময়মনসিংহের ভালুকা ফায়ার সার্ভিসের মোট ১৬টি ইউনিট যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
জানা গেছে, ওই কমপোজিট কারখানায় বিভিন্ন ধাপে সুতা থেকে বিভিন্ন পোশাক তৈরি করা হয়। আগুনে তৈরি পোশাকসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুন লাগার সময় কারখানায় খাবারের বিরতি থাকায় প্রায় সব শ্রমিক ও কর্মকর্তা বাইরে ছিলেন।
আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেকুর রহমান এবং শ্রীপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) তোফাজ্জল হোসেন ঘটনাস্থল পরিদর্শনে যান।
গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন জানিয়েছেন, ঘটনা তদন্তে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদেকুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।