হ্যাকারদের কারণে ১৪০০ বিমান যাত্রীর ভোগান্তি
আন্তর্জাতিক ডেস্ক : হ্যাকারদের হামলার কারণে যাত্রা বাতিল করে প্রায় ১৪০০ যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনতে বাধ্য হয়েছে পোল্যান্ডের এলওটি এয়ারলাইন কর্তৃপক্ষ। রবিবার দেশটির রাজধানী ওয়ারশ বিমানবন্দরে এই ঘটনা ঘটে।
ওই দিন ফ্লাইট পরিকল্পনার জন্য ব্যবহৃত গ্রাউন্ড কম্পিউটার সিস্টেমটি হ্যাকিংয়ের শিকার হয়। পরে প্রায় পাঁচ ঘন্টা চেষ্টার পর সিস্টেমটিকে ফের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়।
কিন্তু এই সময়ের মধ্যে রাষ্ট্রীয় বিমান সংস্থাটির ১০টি জাতীয় ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয় এবং আরো ডজনখানেক ফ্লাইটের যাত্রা বিঘ্নিত হয়, জানিয়েছে এলওটি-র মুখপাত্র আদ্রিয়ান কুবিককি।
তবে রাষ্ট্রীয় বিমান সংস্থা আক্রান্ত হলেও বিমানবন্দরের কার্যক্রম আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন চোপিন বিমানবন্দরের মুখপাত্র।