Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মিয়ানমার সেনাবাহিনীর দুই সদস্যকে হস্তান্তর করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি

কক্সবাজার  :  বান্দরবান সীমান্তে উদ্ধার হওয়া মিয়ানমার সেনাবাহিনীর দুই সদস্যকে হস্তান্তর করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।শুক্রবার বেলা ১২টায় ঘুমধুম সীমান্তের জিরো পয়েন্টে পতাকা বৈঠক শেষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে এদের হস্তান্তর করে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া মিয়ানমার সেনাবাহিনীর দুই সদস্য ডেপুটি সার্জেন্ট নাইং টুন (৩৯) ও সৈনিক খিন লিটকে (২৮) দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানো হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে এ দুই সেনাসদস্যকে ফেরত পাওয়ায় মিয়ানমারের কর্তৃপক্ষ বিজিবি এবং বাংলাদেশ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এই ঘটনায় দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে একটি মাইলফলক হিসেবে চিহ্নিত করে ভবিষ্যতে তা আরো জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে শুক্রবার বেলা ১১টায় ঘুমধুম বিওপির আওতাধীন বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতুর কাছে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত পিলার ৩০/১ এ মিয়ানমারের নম্বর-১ বর্ডার গার্ড পুলিশের সঙ্গে ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বিজিবির সঙ্গে।

বৈঠক বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিবির কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম ও মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন নম্বর-১ বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কমান্ডিং অফিসার লে. কই তুই জা। পরে উভয় প্রতিনিধি দলের শুভেচ্ছা বিনিময় শেষে বাংলাদেশের সীমানার মধ্যে উদ্ধারকৃত মিয়ানমার সেনাবাহিনীর দুই সদস্যকে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ১৪ জুলাই বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে মিয়ানমার সেনাবাহিনীর অপহৃত ২ সদস্যকে উদ্ধার করেন বিজিবি সদস্যরা। মিয়ানমারের বিচ্ছিন্নবাদী একটি সংগঠন এ ২ জনকে অপহরণ করেছিল। বিষয়টি বাংলাদেশকে অবহিত করার পর বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ অভিযান শুরু করেন। অভিযান উদ্ধার হওয়া ২ জনকে চিকিৎসা দেওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

Leave A Reply

Your email address will not be published.