অস্ট্রেলিয়া সিরিজে নেই মোহাম্মদ সামি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগে ভারতীয় শিবিরে ধাক্কা৷ হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য সিরিজ থেকে ছিটকে গেলেন মহম্মদ সামি৷ অন্তত চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে৷ সামির পরিবর্তে দলে যোগ দেবেন ভুবনেশ্বর কুমার৷ হাঁটুর চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছিলেন ৯ মাস পর৷ কিন্তু, কামব্যাক আর হল কোথায়? ফের চোট৷ এবং ফের মহম্মদ সামি৷ অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগেই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন বাংলার পেসার৷ তাঁর বদলে দলে ফিরছেন ভুবনেশ্বর কুমার৷ বোর্ড সচিব অনুরাগ ঠাকুর এদিন এক বিবৃতিতে জানিয়েছেন, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সামি৷ গ্রেড টু চোট রয়েছে তাঁর৷ ফলে, অন্তত চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে৷ সামির বদলি হিসেবে ভুবনেশ্বর কুমারকে পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়ায়৷ রবিবারই দলের সঙ্গে গিয়ে যোগ দেবেন তিনি৷
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলনের সময়ই পায়ে চোট পান সামি৷ শুক্রবারের প্রস্তুতি ম্যাচে দলে থাকলেও বল করেননি তিনি৷ এরপরই দুঃসংবাদ৷ হঠাত্ই আকাশ ভেঙে পড়ল টিম ইন্ডিয়ার মাথায়৷ টি-২০ বিশ্বকাপে সামিকে দলে রাখার ভাবনা-চিন্তা শুরু করেছিলেন ক্যাপ্টেন কুল৷ বাদ সাধল হ্যামস্ট্রিংয়ে চোট৷ ধোঁয়াশায় সামির ভবিষ্যত্ও৷