Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কারাগারে মেয়ে ছাড়া সব পাওয়া যায় : তথ্যমন্ত্রী

haqinuমেয়ে ছাড়া কারগারে সব কিছু পাওয়া যায় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘কারাগারে শুধু পুরুষ বন্দির সঙ্গে মেয়ে, মেয়ে বন্দির সঙ্গে পুরুষ সাপ্লাই দেয়া ছাড়া সব কিছু পাওয়া যায়।’ রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র সেমিনার কক্ষে বুধবার দুপুরে ‘ট্রেনিং ফর প্রিজন অফিসিয়ালস অন মিডিয়া ম্যানেজমেন্ট’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘কারাগারে অবৈধ জিনিসের আদান-প্রদান করা হয়। এমনকি মদ চাইলেও সেখানে তা পাওয়া যায়।’

উপস্থিত জেল সুপারদের উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘আমি বরিশালে থাকাকালে ডাব সাপ্লাইয়ের নামে কারাগারে মদ সাপ্লাই দেয়া দেখেছি। এমনকি কারাগারে এখন মোবাইল ফোনের মাধ্যমে চাঁদাবাজি করা হয়। আর এসবের দায় কিন্তু আপনাদের।’

‘প্রশাসন ও গণমাধ্যমের সুসম্পর্কই গণতান্ত্রিক সংস্কৃতিকে বেগবান ও জোরদার করে, বিভিন্ন অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে’ উল্লেখ করে তিনি বলেন, ‘কারাগার ও কারা কর্তৃপক্ষ নিয়ে জনমনে যে বিভ্রান্তি আছে তার দূর করা জরুরি। কারা কর্তৃপক্ষ ও গণমাধ্যমের ঘনিষ্ঠ সংযোগ কারা প্রশাসকদের আরো মানবিক থাকতে ও আইনানুগ করতে সাহায্য করে। সংশোধনের মাধ্যমে কয়েদিদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে সমাজে ভালো মানুষ হিসেবে ফিরিয়ে দেয়াও কারা কর্তৃপক্ষের অন্যতম কাজ।’

কারা অধিদপ্তর ও পিআইবি’র যৌথ উদ্যোগে দুই দিনব্যাপি এই সেমিনারের আয়োজন করা হয়। এতে সহায়তা করছে জার্মান ভিত্তিক সংস্থা জেআইজেড।

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘কারাগারে কয়েদিদের চিকিৎসা ব্যবস্থা, কয়েদি ধারণক্ষমতা, তাদের খাবার ব্যবস্থা, পরিবাবের সঙ্গে দেখা করার সুযোগসহ বিভিন্ন সুবিধা গণমাধ্যমে তুলে ধরলে কারাগার সম্পর্কে সাধারণ মানুষের ধারণা পরিবর্তন হবে। কারাগার এবং কারা কর্তৃপক্ষ নিয়ে জনমনে যে বিভ্রান্তি আছে, তা দূর হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কারা অধিদপ্তরের ইন্সপেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, ‘কারাগারের ব্যবস্থাপনায় কাজ করতে হলে সকল কারা প্রশাসকদের নিজের দায়িত্ব সম্পর্কে ভালো জ্ঞান থাকা দরকার। দেশের কারা তত্ত্বাবধায়কদের চৌকস করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ খুবই জরুরি।’

এ সময় আগামীতে কারাগারগুলো সংশোধানাগারে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভাপতির বক্তব্যে পিআইবি মহাপরিচালক জনাব মো. শাহ আলমগীর বলেন, ‘কারাগার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ ও সাংবাদিকদের মধ্যে নিয়মিত সঠিক তথ্য বিনিময় খুব গুরুত্বপূর্ণ। এর ফলে কারাগার সম্পর্কে সাধারণ মানুষের সঠিক দৃষ্টিভঙ্গি তৈরি হবে।’

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুব আলম, পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। কর্মশালায় দেশের বিভিন্ন কারাগারের ২৮ জন সিনিয়র কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

Leave A Reply

Your email address will not be published.