ফরিদপুরে ৭ হাজার কেজি অবৈধ জাটকা ইলিশসহ আটক ৫ ।
মোঃ খালেদুর রহমান , ফরিদপুর ঃ ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মধ্যপাড়া হাসামদিয়া ফরিদপুর-বরিশাল মহাসড়কের ব্রীজ সংলগ্ন মাছের আড়ত থেকে মঙ্গলবার রাত ৩.৩০টার দিকে ৭ হাজার কেজি জাটকা সহ ৫ জনকে আটক করেছে র্যাব-৮ ফরিদপুর।
র্যাব জানায় তারা গোপন সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মধ্যপাড়া হাসামদিয়া সাকিন্থ ফরিদপুর টু বরিশাল মহাসড়কের পূর্ব পার্শ্বের জনতা মৎস আড়তের সামনে ০৫ জন অবৈধ জাটকা ইলিশ ব্যবসায়ী ইলিশ মাছের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর মোঃ মোস্তফা কায়জার এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনদীপ ঘরাই এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ০৩.৩০ ঘটিকার সময় উল্লেখিত স্থানে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে ০৫ জন অবৈধ জাটকা ইলিশ ব্যবসায়ী কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিরা হলো ১। মোঃ মাসুদ রানা (৩০), পিতাঃ মোঃ আবুল ব্যাপারী, সাং-ব্যাপারী পাড়া, থানাঃ-রাজৈর, জেলাঃ-মাদারীপুর ২। মোঃ আমির হোসেন (২৫), পিতাঃ মৃতঃ ফিরোজ মাতুব্বর, সাং- মধ্যপাড়া হাসামদিয়া, থানাঃ ভাঙ্গা, জেলাঃ ফরিদপুর ৩। মোঃ আলাল ঘরামী (৪৫), পিতাঃ ফয়েজ উদ্দিন ঘরামী, সাং-খন্ড ভাষানচর, থানাঃ কাজীরহাট, জেলাঃ বরিশাল ৪। মোঃ জামাল মাতুব্বর (৪২), পেশা-মাছ ব্যবসা, পিতাঃ মৃতঃ সিরাজ মাতুব্বর, সাং-খন্ড ভাষানচর, থানাঃ কাজীরহাট, জেলাঃ বরিশাল ৫। মোঃ মোফাজ্জল (৩০), পিতাঃ মৃতঃ আব্দুল আজিজ ফকির, সাং-ইছাইল, থানাঃ ফুলবাড়ীয়া, জেলাঃ ময়মনসিংহ । এ সময় তাদের দখল হতে ৭০০০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশসহ একটি মিনি ট্রাক যার নম্বর ঢাকা মেট্রো-ন ১১-৯৬৭৫ উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ জাটকা ইলিশ সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ জাটকা ইলিশসহ বিভিন্ন নিষিদ্ধ মাছ ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনদীপ ঘরাই আসামীদের মধ্যে ১। মোঃ মাসুদ রানা (৩০), ২। মোঃ আমির হোসেন (২৫), ৩। মোঃ আলাল ঘরামী (৪৫), ৪। মোঃ জামাল মাতুব্বর (৪২) -কে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ ছাড়া গাড়িচালক মোঃ মোফাজ্জল (৩০)-কে গাড়ীসহ জব্দ করেন।