অসৌজন্যমূলক আচরণের জন্য ক্ষমা চাইলেন তামিম ইকবাল
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে ম্যাচ চলাকালীন আম্পায়ারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য ক্ষমা চাইলেন আবাহনী লিমিটেডের অধিনায়ক তামিম ইকবাল।
এমন লঙ্কাকাণ্ড নিয়ে জল কম ঘোলা হয়নি। শেষমেশ নিজের এমন আচরণের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চাইলেন তামিম। ‘দোলেশ্বরের বিপক্ষে ম্যাচ চলাকালীন আম্পায়ারদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী। তরুণরা আমাকে মডেল হিসেবে ভাবে। তাই এ ধরনের আচরণ আমার করা ছিল না। ঘটনাটির জন্য আমি অনুতপ্ত।’
আম্পায়ারদের মাঠ ছাড়ার বিষয়কে ভিন্ন চোখে দেখছেন তামিম। বলেছেন, ‘আসলে কি ঘটেছিল আমি তা জানি। যদিও ম্যাচ রেফারির রিপোর্টে শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে কোনো কিছু লেখা ছিল না। যেখানে লেখা হয়েছে, আম্পায়ারই অসুস্থ হওয়ায় খেলা স্থগিত করা হয়।’
উল্লেখ্য, গত রোববার বিকেএসপিতে সুপার লিগের প্রথম রাউন্ডে আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন তামিম। একপর্যায়ে ম্যাচটি স্থগিত করা হয়।
