আমেরিকার কাছে ৪০ টন পরমাণু পণ্য বিক্রি করবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার কাছে ৪০ টন হ্যাভি ওয়াটার বিক্রি করার পরিকল্পনা করছে ইরান। পরমাণুবীক শক্তি সংস্থার উপ প্রধান আলী আসগর জারিয়ান সম্প্রতি এমনটাই জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন, আরাক রিঅ্যাক্টরকে সংস্কার করার জন্য ইরান চিনের সঙ্গে একটি চুক্তি করবে। আগামী সপ্তাহেই এই চুক্তি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আলী আসগর জারিয়ান জানিয়েছেন, একবার আরাক রিঅ্যাক্টরের সংস্কার কাজ শেষ হয়ে গেলে আশা করা যায় তৃতীয় কোনও দেশের মাধ্যমে আমেরিকায় ৪০ টন হ্যাভি ওয়াটার রপ্তানি করা যাবে এবং আমেরিকা সে ওয়াটার গবেষণার কাজে ব্যবহার করতে পারবে। তিনি আরও বলেন, ইরান তখন আনুষ্ঠানিকভাবে কৌশলগত বিশেষ পরমাণু পণ্য উৎপাদনকারী দেশগুলির সদস্য হবে যা তেহরানের জন্য বড় অর্জন। একই সঙ্গে জারিয়ান জানান, ইরান এখনই ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড বা ইউএফ-সিক্স’সহ কৌশলগত বিশেষ পরমাণু পণ্য উৎপাদন করছে। আগামিদিনে ইরান বছরে ২০ টন হ্যাভি ওয়াটার উৎপাদন করবে এবং বাড়তি অংশ বিদেশি ক্রেতাদের কাছ বিক্রি করে দেবে বলেও জানিয়েছেন জারিয়ান।