আখাউড়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
গত কাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক যুবক নিহত হয়েছে।
নিহত যুবক হলো, আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর গ্রামের জমাদ্দার বাড়ির মো. আলমগীর মিয়ার ছেলে মো. পাভেল মিয়া (১৮)। পুলিশ তার লাশ পরিবারের কাছে বুঝিয়ে দিয়েছে। আখাউড়া রেলওয়ে জংশন ও পুলিশ সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি গত কাল বেলা ১২টা ১০ মিনিটে ২নং লাইন দিয়ে অতিক্রম করছিল। কিন্তু ট্রেনটি আখাউড়ায় যাত্রাবিরতি না থাকায় পাভেল চলন্ত অবস্থায়ই নামতে যায়। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
দক্ষিণ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মো. হান্নান জানান, পাভেল খালার বাড়ি কুমিলা থেকে আখাউড়া ফিরছিল। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সাত্তার জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

Comments (0)
Add Comment