উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম অভিজিৎ রায়কে হত্যা করেছে

স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম অভিজিৎ রায়কে হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে সাতজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তবে শনাক্ত হওয়াদের অবস্থান নিশ্চিত হতে কাজ করছেন তারা।

২৬ শে ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় লেখক ব্লগার অভিজিৎ রায়কে। এসময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।

মামলার তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে সহায়তা করতে দেশে আসে মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফবিআয়ের প্রতিনিধি দল। হত্যাকাণ্ডের প্রায় পাঁচমাস পর গোয়েন্দা কর্মকর্তা বললেন, আনসারুল্লাহ বাংলা টিম অভিজিৎকে হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছেন তারা।

গোয়েন্দা কর্মকর্তা জানান, অভিজিৎ হত্যার অভিযোগে এর আগে গ্রেপ্তার শফিউর রহমান ফারাবী হত্যার সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও হত্যাকাণ্ড সংঘটনে প্ররোচনা দিয়েছিলো।

অভিজিৎ হত্যাকাণ্ডের পর ঢাকায় ওয়াশিকুর এবং সিলেটে অনন্ত বিজয় দাস হত্যার পেছনেও আনসারুল্লাহ বাংলা টিম জড়িত থাকতে পারে বলে ধারণা গোয়েন্দাদের।

Comments (0)
Add Comment