এইচআইভি আক্রান্তদের চিকিত্সার লক্ষ্যমাত্রায় পৌঁছেছে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৫ সালের মধ্যে দেড় কোটি এইচআইভি আক্রান্ত ব্যক্তিকে চিকিত্সা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জাতিসংঘ। তবে ওই সময়সীমা পার হওয়ার নয় মাস আগেই গত মার্চে লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব হয়েছে।

গত এক দশকের প্রচেষ্টা এবং বিনিয়োগের ফলে এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। মঙ্গলবার জাতিসংঘের এইডস-বিষয়ক সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০০০ সাল থেকে এ পর্যন্ত প্রায় তিন কোটি মানুষকে এইচআইভির সংক্রমণ থেকে রক্ষা করা হয়েছে। প্রায় ৮০ লাখ মানুষকে এইডসে মৃত্যুর হাত থেকে বাঁচানো সম্ভব হয়েছে।

এ সময়ের মধ্যে প্রতিবছর নতুন এইচআইভি সংক্রমণের হার ২৬ লাখ থেকে কমিয়ে ১৮ লাখে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এ ছাড়া, এইডস সংক্রান্ত মৃত্যু ১৬ লাখ থেকে কমে ১২ লাখে নেমে এসেছে। ইতোমধ্যে এইচআইভি খাতে বৈশ্বিক বিনিয়োগ ২০০০ সালের ৪৮০ কোটি ডলার থেকে বেড়ে ২০১৪ সালে দুই হাজার কোটি ডলারে এসে পৌঁছেছে। আশা করা যাচ্ছে, এভাবে আগামী পাঁচ বছর সম্মিলিতভাবে কাজ চালাতে পারলে আগামী ২০৩০ সালের মধ্যে এইডস সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব হবে।

২০০০ সালে প্রথম যখন এইডসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দেয়া হয়েছিল সে সময় সাত লাখেরও কম মানুষ এ চিকিত্সা গ্রহণ করেছিল। এ প্রসঙ্গে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ‘সারা বিশ্বে এইডসের প্রাদুর্ভাব কমে গেছে। এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এইডসকে নির্মূল করার লক্ষ্যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

Comments (0)
Add Comment