জেলা প্রতিনিধি, পিরোজপুর:
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের অন্তর্গত গাঁওখালী স্কুল এ্যান্ড কলেজ এর কলেজ শাখার শিক্ষক ও কর্মচারীদের দুর্ভোগ চরমে। প্রায় ১১ বছর ধরে অত্র কলেজ শাখার শিক্ষক ও কর্মচারীগণ অক্লান্ত পরিশ্রম করে প্রতিষ্ঠানটিকে অত্র এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার একমাত্র ধারক ও বাহক হিসেবে ঐতিহ্য বজায় রেখে আসছে।
এমপিওভুক্তির লক্ষ্যে অনেক চেষ্টা করার পরেও এই প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয় নি, ফলশ্র“তিতে শিক্ষক ও কর্মচারীদের জীবনে চরম হতাশা আর দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই মেলে নি। এই শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৭২ সালে স্থানীয় ব্যক্তিবর্গ দ্বারা ২ একর ৫০ শতাংশ জমির উপর মাধ্যমিক স্কুল হিসেবে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০০৫ সালে কলেজ হিসেবে যাত্রা শুরু করে। এখানে শিক্ষার্থীরা সফলভাবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্জন করে আসছে। অত্র প্রতিষ্ঠানটির কলেজ শাখার শিক্ষক সংখ্যা ১৪ জন, শিক্ষিকা ৫ জন, তৃতীয় শ্রেণির কর্মচারী ৩ জন এবং চতুর্থ শ্রেণির কর্মচারী ২ জনসহ মোট ২৪ জন কর্মরত আছেন। প্রত্যেক শিক্ষক কর্মচারী তাদের আত্মকর্মসংস্থানের জন্য নিজের সর্বস্ব সম্বল দিয়ে ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। প্রতিষ্ঠানটি ২০০৭ সালে সর্বপ্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রথমবারেই ফলাফল ছিল ১০০% পাশ। পরবর্তী ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার পাশের হার ছিল ৯৫% এবং ২০১৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা ২০৪ জন এর মধ্যে ১৯১ জন উত্তীর্ণ হয়। তার মধ্যে এ+ ১৪টি, এ ১০০ টি ও এÑ ৪৬টি, পাসের হার ৯৩.৫%। এছাড়াও এখানে দুটি পাবলিক পরীক্ষা জেএসসি ও এসএসসি কেন্দ্র রয়েছে।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাফর বাহাদুর বলেন, “দীর্ঘ ১১ বছর ধরে আমরা শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে আসছি কিন্তু অদ্যাবধি প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয় নি। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যসহ উচ্চ পর্যায়ে লিখিত ও মৌখিকভাবে বহুবার আবেদন করেছি। আমি আবারও স্থানীয় সংসদ সদস্যসহ শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর নিকট বিনীতভাবে প্রতিষ্ঠানটি এমপিও ভুক্তি করার দৃষ্টি আকর্ষণ করছি।”