সৃষ্ট লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত বহাল রয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
তবে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ।
মধ্য বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে শনিবার সমুদ্রবন্দরগুলোতে জারি করা ৩ নম্বর সতর্ক সঙ্কেত আজ রবিবারও বহাল আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক সানাউল হক বাসসকে জানান, মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তিনি জানান,এর কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদফতরের বৃষ্টি পরিমাপক কেন্দ্র থেকে জানা গেছে, আজ রবিবার ঢাকায় সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের যশোর, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, মংলা, ময়মনসিংহ, খুলনা, সন্দ্বীপ, কুতুবদিয়াসহ দেশের বিভিন্নস্থানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে।