ঝিনািইদহের বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহত

 ঝিনাইদহ: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। তবে বিজিবি এই অভিযোগ মোটামুটি উড়িয়ে দিয়ে জানিয়েছে, অন্য কোনো দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে। নিহত জাহাঙ্গীর হোসেন উপজেলার কাঞ্চনপুর গ্রামের মিরজান শেখের ছেলে।
নিহতের চাচা ইউনুছ আলী জানান,  রবিবার রাতে ভারতে গরু আনতে যান জাহাঙ্গীর হোসেন। এ সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়েন তিনি। পরে বিএসএফ সদস্যরা তাকে নির্যাতন করে ইছামতি নদীর তীরে পাম্পের ঘাটে ফেলে যায়। সেখান থেকে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে নেপার বাজারে নিয়ে আসে। সেখানে ভোর পাঁচটার দিকে মারা যান জাহাঙ্গীর হোসেন।
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন জানান, জাহাঙ্গীর কীভাবে মারা গেছে তদন্ত শেষে জানা যাবে। সোমবার সকালে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, সীমান্ত এলাকার ১০ কিলোমিটারের ভেতরে কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। জাহাঙ্গীরকে বিএসএফ নির্যাতন করেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। অন্য কোনো দুর্বৃত্তরা তাকে হত্যা করতে পারে।

Comments (0)
Add Comment