বজ্রশক্তি ডেস্ক:
————–
তামিলনাড়–র প্রিয় ‘আম্মা’ জয়ললিতা ফের মসনদে আসীন হয়েছেন। দীর্ঘ আট মাস পর তিনি গতকাল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তার সঙ্গে শপথ নিয়েছেন মন্ত্রীসভার ২৮ মন্ত্রীও।
গতকাল স্থানীয় সময় সকাল ১১টায় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী প্রেক্ষাগৃহে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর তাকে প্রথম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাকে শুভেচ্ছা জানিয়ে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, তার সরকার তামিলনাড়–র নতুন সরকারকে সবদিক দিয়ে সহায়তা করবে। তবে মুখ্যমন্ত্রী জয়ললিতাকে আগামী ৬ মাসের মাথায় রাজ্যের বিধান সভার কোনো একটি আসন থেকে নির্বাচিত হতে হবে। জয়ললিতার ক্ষমতায় আরোহনের এ প্রক্রিয়া শুরু হয়েছিল শুক্রবার সকাল থেকেই। ওইদিন সকালে চেন্নাইয়ে এআইএডিএমকে দলের আইন প্রণেতারা জরুরি বৈঠকে বসেন। এতে দলের ১৫০ জন আইন প্রণেতার মধ্যে ১৪৪জন উপস্থিত ছিলেন। বৈঠকে জয়ললিতা উপস্থিত না থাকলেও আইন প্রণেতারা তাকে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করেন। জয়ললিতাকে এ পদে বসাতে পদত্যাগ করেন তার অনুপস্থিতিতে তামিলনাড়–র মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা পানিরনিসলভাম। গতকাল তিনি রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
গত আট মাস আগে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন জয়ললিতা। তখন তাকে সরে দাঁড়াতে হয় মুখ্যমন্ত্রীর পদ থেকে। তিন সপ্তাহ জেলে থাকার পর তিনি জামিন পান। চলতি মাসে কর্ণাটকের উচ্চ আদালতে মামলা থেকে খালাস পান জয়ললিতা। এই তামিলনেত্রী তার রাজ্যে জনসাধারণের কাছে ‘আম্মা’ বলে সমধিক পরিচিত।