দশমিনার হাজীরহাট লঞ্চঘাটে পল্টুন না থাকায় যাত্রী ভোগান্তি চরমে

দশমিনা প্রতিনিধি:
পটুয়াখালীর দশমিনা উপজেলার হাজীরহাট নামক লঞ্চঘাটে একটি পল্টুন না থাকার কারণে শত শত যাত্রীদের পড়তে হয় চরম দুর্ভোগে। তার উপরে নেই কোন যাত্রী ছাউনি। ঘাটে কোন যাত্রী ছাউনি না থাকার কারণে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন শিশু, বৃদ্ধ এবং শারীরিক প্রতিবন্ধিরা। প্রতিদিন এ স্টেশনে ঢাকাগামী দুটি এবং বরিশালগামী দুটি লঞ্চসহ অনেক নৌ যান নিয়মিতভাবে ঘাট দেয়া হয় এবং শত শত যাত্রী ওঠা-নামা করে। একটি পল্টুনের অভাবে যাত্রী ও মালামাল ওঠা-নামা করতে বড় ধরণের ঝুঁকির আশঙ্কা থেকে যায়। যা একজন ব্যবসায়ীর কিংবা যাত্রীর পক্ষে পুষিয়ে নেয়া সম্ভব হয় না। গত বর্ষা মৌসুমের গোড়ার দিকে সাবেক পুরানো পল্টুনটি নদী ভাঙ্গনে নদী গর্ভে বিলীন হয়ে গেলে, তা আর উদ্ধার করা সম্ভব হয় নি। সেই থেকে প্রায় ৮ মাস গত হয়ে গেলেও আজ পর্যন্ত একটি পল্টুন পুনঃস্থাপন না করায়, প্রতিদিন যাত্রীদের এক রকম জীবনের ঝুঁকি নিয়েই লঞ্চে ওঠা-নামা করতে হয়। এছাড়াও ব্যবসায়ীরা অনেকটা ঝুঁকির মধ্যে তাদের মালামাল নৌকায় করে ওঠা-নামা করে থাকেন বলে জানান দশমিনা বাজারের ব্যবসায়ীরা। যাত্রী সাধারণ ও ব্যবসায়ী মহলের দাবি, আগামী বর্ষা মৌসুমের পূর্বেই এখানে একটি পল্টুন জরুরি ভিত্তিতে স্থাপন করা। দশমিনা উপজেলা চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শওকাত বলেন, এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে একাধিকবার আলোচনা হয়েছে, তারা একটি পজেটিভ আশ্বাসও দিয়েছেন, দশমিনা হয়ে বাশঁবাড়ীয়া এবং বাউফলের কালাইয়া ইউনিয়নের পোল্ডারের সাথে আমাদের দশমিনার পোল্ডারের সংযোগ কাজ শুরু হয়েছে, তবে এরই মধ্যে হয়তো বিআইডব্লিউটিএ তাদের যে সমস্ত স্থানে পল্টুন নাই, সেগুলোকে তারা পুনঃস্থাপন করে দেবেন।

Comments (0)
Add Comment