দিনাজপুরে অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনের মৃত্যু

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরের ফুলবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ একই পরিবারের তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার উপজেলার বেতদিঘী ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মাদিলাহাট বাজারের বাবলু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৪০), মেয়ে মনিরা খাতুন (১৫) ও ছেলে রনি (১৭)। এদের মধ্যে মনিরা খাতুন গত রবিবার ভোরে এবং রনি ও সুফিয়া বেগম আজ বুধবার সকালে ও সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বেতদিঘি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, উপজেলার মাদিলাহাট বাজারে পেট্রলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বাবলু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম, মেয়ে মনিরা খাতুন ও ছেলে রনি অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় পরের দিন রবিবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মনিরা মারা যায়। তিন দিন পর আজ বুধবার সকাল ৭টায় ঢাকার শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বাবুল মিয়ার ছেলে রনি মৃত্যুর কোলে ঢলে পড়ে। এর ১২ ঘণ্টা পর সন্ধ্যা ৭টায় স্ত্রী সুফিয়া বেগম মারা যান। উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা ৭টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট বাজারে বাবলুর জ্বালানী তেল বিক্রির দোকানে তার ছেলে রনি বাবু (২৫) পেট্রোল ঢালতে গিয়ে আকস্মিক আগুন ধরে যায়। এ সময় ওই আগুন বিদ্যুতের তারের সঙ্গে ছড়িয়ে পড়ে এবং দোকানের পার্শ্বে বাড়ি থাকায় সেখানেও আগুন ছড়িয়ে পড়লে তার স্ত্রী, পুত্র ও কন্যা অগ্নিদগ্ধ হয়। এ সময় এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফুলবাড়ি ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Comments (0)
Add Comment