নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ বলেছেন, ভারতের পার্লামেন্টে কোন বিরোধীতা ছাড়াই স্থল সীমান্ত চুক্তি বিল পাশ হয়েছে। এখন দু’দেশের সরকারি পর্যায়ে আলাপ আলোচনার মাধ্যমে দ্রুত এই চুক্তি বাস্তবায়নের পদক্ষেপ নেয়া হবে।
তিনি আজ রোববার কুড়িগ্রাম জেলা ফুলবাড়ী উপজেলার ভেতরে অবস্থিত ভারতীয় ছিটমহল দাশিয়ার ছড়ায় এক মত বিনিময় সভায় এ কথা বলেন।
ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিরউদ্দিন মাহমুদ, সমন্বয় কমিটির আইন উপদেষ্টা এডভোকেট আব্রাহাম লিংকন, বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এবং আলতাফ হোসেন।
পঙ্কজ শরণ আশা করেন বলেন, ছিটমহলবাসীর সহযোগিতার উপর এই চুক্তির দ্রুত বাস্তবায়ন নির্ভর করছে। শান্তিপূর্ণ ও শৃংখলার সাথে এই চুক্তির বাস্তবায়ন হবে।
তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে সৌহাদ্যপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং সীমান্ত ব্যবস্থাপনার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি বলেন, আপনাদের খুশির সাথে আমি অংশ নেয়ার জন্য এখানে এসেছি। আমার বিশ^াস দীর্ঘদিনের একটি মানবিক সমস্যা দ্রুততম সময়ে সমাধান হতে যাচ্ছে।
পরে তিনি ভুরুঙ্গামারী উপজেলার সাহেবগঞ্জ পরির্দশন করেন ও ছিটমহলবাসীর বিভিন্ন সমস্যার কথা শোনেন।