নজরুল ইসলাম খানের হাত ধরে চলচ্চিত্রাঙ্গনে পথচলা শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। তবে নানা কারণে এখনও মুক্তি পায়নি ‘রানা প্লাজা’ নামের ছবিটি। নতুন খবর হলো, একই পরিচালকের নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। নাম ‘দুনিয়া কাঁপানো প্রেম’। এতে তার সহশিল্পী বাপ্পি চৌধুরী, মিশা সওদাগর, আলীরাজ ও অ্যামি খান। গত ৯ এপ্রিল হাসানুল ইসলামের প্রযোজনায় হারমনি মিডিয়া কমিউনিকেশনের এ ছবিতে চুক্তিবদ্ধ হন পরীমনি। আগামী জুনে এর কাজ শুরু করবেন তিনি। পরীমনি বলেছেন, ‘নজরুল ইসলাম খানের কাছে আমি কৃতজ্ঞ। তার হাতেই চলচ্চিত্রে হাতেখড়ি হয়েছে আমার। আবার তার সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি আনন্দিত।’ এদিকে আরিফিন শুভর সঙ্গে ওয়াজেদ আলী সুমনের ‘দরদিয়া’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার ‘পাগলা দিওয়ানা’। জনপ্রিয় এই অভিনেত্রী প্রথম ছবি হিসেবে মুক্তি পেয়েছে ‘ভালোবাসা সীমাহীন’।