স্পোর্টস ডেস্ক:
২০০৪ সালের বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ। ১১ রানে বাংলাদেশ পরাজিত হলেও, ভারতের মহেন্দ্র সিং ধোনির জন্য ম্যাচটি ছিলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ ওই ম্যাচ দিয়েই ওয়ানডে অভিষেক ঘটান দলের বর্তমান এই ক্রিকেটার। কিন্তু নিজের অভিষেক নিয়ে নিজেই বিভ্রান্ত তিনি! না না, মজা করেই হয়তো বিভ্রান্তির কথা বললেন। মজাটা করেছেন এক ফটোসাংবাদিকের সঙ্গে। বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগের দিন এই ঘটনা ঘটে। এদিন নেটে অনুশীলনের সময় বেশ মজার মুডে ছিলেন এমএসডি। হঠাৎ এক ফটোসাংবাদিক তাকে বলেন, ‘ধোনি, তুমি আর আগের মতো ছবির জন্য পোজ দাওনা। তুমি সেই লোক নও, যে ২০০৪-০৫ এ আমাদেরকে ছবির জন্য দারুণ সব পোজ দিয়ে দাড়াতে।’ তখন ধোনি তাকে মজা করে বলে, ‘মিথ্যা বলো না। ২০০৪ সালে তুমি আমাকে চিনতেই না!’ এ কথায় ওই ফটোসাংবাদিক স্মৃতিচারণ করেন এবং বাংলাদেশের বিপক্ষে তার অভিষেক ম্যাচের কথা মনে করিয়ে দেন। কিন্তু তাকে অবাক করে দিয়ে ধোনি বল ওঠেন, ‘তোমাকে কে বলেছে, আমার অভিষেক বাংলাদেশের বিপক্ষে হয়েছিলো? তুমি জানোই না।’ এবার ওই সাংবাদিক নিজেও একটু বিভ্রান্তিতে পড়ে যান। আর ভুল করে বসেন, ‘তাহলে হয়তো তুমি জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক করেছিলে!’ এবারে ধোনির হাসার পালা। তবে মজা করতে গিয়ে সাংবাদিককে খোঁচাটা দিতেও ভোলেননি ভারতের সবচেয়ে সফল এই অধিনায়ক। সবাই কে উদ্দেশ্য করে বলেন, ‘দেখুন, এই কারণেই সাংবাদিকদেরকে বিশ্বাস করতে নেই।’ তবে সে যায় হোক। বাংলাদেশের বিপক্ষে তার অভিষেক ,ম্যাচের কথা মনে নাই বা থাকতে পারে। ওই ম্যাচে যে তাপস বৈশ্যের বলেই খালেদ মাসুদের হাতে ক্যাচ দিয়ে ‘গোল্ডেন ডাক’ মেরেছিলেন ধোনি!