নববর্ষের শুভেচ্ছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী

বাংলা নববর্ষ উপলক্ষে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে গণভবনের সামনের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সকলের সঙ্গে এক হয়ে বৈশাখের শুভেচ্ছা বিনিময় ও আনন্দ উপভোগ করেন প্রধানমন্ত্রী। এসময় সেখানে নববর্ষ বরণ উপলক্ষে নৃত্য ও গান পরিবেশন করেন শিল্পীরা। আর তা উপভোগ করেন প্রধানমন্ত্রীসহ সেখানে উপস্থিত সকলেই।

উপস্থিত সবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নতুন বছরে দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। মানুষ বাস করবে আনন্দলোকে। ’ তিনি বলেন, ‘দেশের মানুষ সুখে-শান্তিতে থাকুক। দেশে শান্তি বিরাজ করুক, আজকের দিনে এটাই প্রত্যাশা করি। ’ সেই সঙ্গে দেশের সকল মানুষ যে যেখানে রয়েছেন, তাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

সকাল সাড়ে ১০টায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবার সঙ্গে প্রায় সোয়া একঘণ্টা সময় কাটান প্রধানমন্ত্রী।

গণভবনে শুভেচ্ছা জানাতে আসা সবাইকে নাড়ু, সন্দেশ, রসগোল্লা, মোনাক্কা ও খইসহ নানান ধরনের মিষ্টি জাতীয় নাস্তা দিয়ে আতিথেয়তা করেন।

Comments (0)
Add Comment