নয়া প্রতিরক্ষা কাঠামো চুক্তিতে ভারত ও যুক্তরাষ্ট্রের স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক:  ভারত ও যুক্তরাষ্ট্র ১০ বছর মেয়াদী গুরুত্বপূর্ণ কৌশলগত প্রতিরক্ষা কাঠামো চুক্তিতে স্বাক্ষর করেছে। বুধবার সন্ধ্যায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর ও সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ড. অ্যাস্টন কার্টার নয়াদিল্লীতে এ চুক্তিতে স্বাক্ষর করেন। যৌথভাবে জেট ইঞ্জিন, এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ডিজাইন ও কনস্ট্রাকশনসহ প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি এ চুক্তির লক্ষ্য।

সরকারের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কাঠামো চুক্তির আওতায় উভয় দেশের মধ্যে উচ্চ পর্যায়ে কৌশলগত আলোচনা, দু’দেশের মধ্যে অব্যাহতভাবে সশস্ত্র বাহিনীর মধ্যে সহযোগিতা এবং প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা হবে। গত জানুয়ারিতে মার্কিট প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরকালে প্রতিরক্ষা কাঠামো চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। চুক্তিতে আরো অন্তর্ভুক্ত রয়েছে নৌ নিরাপত্তা ও যৌথ প্রশিক্ষণ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জেট ইঞ্জিন, এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ডিজাইন ও কনস্ট্রাকশনসহ অন্যান্য বিষয়ে সহযোগিতার লক্ষ্যে আলোচনা চালিয়ে যেতে উভয় প্রতিক্ষামন্ত্রী সম্মত হন। এছাড়া ভারত ও যুক্তরাষ্ট্র নৌ নিরাপত্তা এবং প্রতিরক্ষা খাতে জ্ঞানভিত্তিক অংশীদারিত্বের মতো অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়সমূহে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখার ব্যাপারেও সম্মত হয়।  এর আগে ড. কার্টার নয়াদিল্লীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।  সাক্ষাতকালে নরেন্দ্র মোদি বলেন, গত বছর তার ও বারাক ওবামার মধ্যকার দু’টি শীর্ষ পর্যায়ের বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন শক্তি ও গতির সঞ্চার করেছে।

মোদি আশা করেন, প্রতিরক্ষা উৎপাদনখাতসহ অন্যান্য মার্কিন কোম্পানি ভারতের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ করবে।
ড. কার্টার ভারতকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র মার্কিন কোম্পানিগুলোকে প্রযুক্তি হস্তান্তরসহ ভারতে কারখানা স্থাপনে উৎসাহিত করছে।

বৈঠককালে উভয়ে আফগানিস্তানসহ আঞ্চলিক বিষয় নিয়েও পর্যালোচনা করেন। সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেন।

Comments (0)
Add Comment