জেলা প্রতিনিধি, বগুড়া:
বগুড়ায় ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের সাথে অভিযুক্ত ও সন্দেহে সাত শিবির কর্মীসহ ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার জামিলনগরের শিবির পরিচালিত ব্রিলিয়ান্ট ছাত্রাবাস ও শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবির ক্যাডারদের আস্তানা হিসাবে পরিচিত জামিলনগর এলাকায় মঙ্গলবার গভীর রাতে অভিযান চালান হয়। এসময় সেখানকার ব্রিলিয়ান্ট ছাত্রাবাস থেকে ছাত্র শিবির আযিযুল হক কলেজ শাখার ৪ শিবির কর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কিছু নথি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা ছাত্র শিবির বগুড়া সরকারি আযিযুল হক কলেজ শাখার বিভিন্ন পদে রয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগ ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানায়, রাতে বিভিন্ন অভিযানে ভাঙচুর, নাশকতা মামলায় সব মিলিয়ে ৭ শিবির নেতাকর্মীসহ মোট ১৮ জনকে আটক করা হয়।