বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৮৪ দশমিক ৩৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১৭১ শিক্ষার্থী। বরিশাল শিক্ষা বের্ডের অধীনে এ বছর ৭০ হাজার ৪৪৫ পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৪৪৫ জন। এ বোর্ডে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪.৫৮ শতাংশ। ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৬.৭১ শতাংশ ও মানবিক বিভাগে ৭৫.৮৯ শতাংশ। শনিবার সকাল ১০টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শাহ আলমগীর এ সব তথ্য জানান।
তিনি জানান, এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিলো ৭০ হাজার ৪৫৬ জন। এর মধ্যে ছাত্র ৩৫ হাজার ২২৭ জন এবং ছাত্রী ৩৫ হাজার ২২৯ জন। এদের মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৪৪৬ জন। যার মধ্যে ছাত্র ২৯ হাজার ৫৫৭ জন ও ছাত্রী ২৯ হাজার ৮৮৯ জন।
এবার এ শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।
গত বছর এ বোর্ডের পাসের হার ছিলো ৯০ দশমিক ৬৬ ভাগ। গত বছরের চেয়ে এ বছরে পাসের হার কমেছে ৬ দশমিক ২৯ ভাগ এবং জিপিএ ৫ কমেছে ১ হাজার ৫৯১টি।
এ বিষয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ আলমগীর জানান, গণিতে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হওয়ায় সেখানে ৯ দশমিক ৬ ভাগ পাসের হার কমেছে। আবার হরতাল অবরোধের কারণে পরীক্ষার্থীদের উপর প্রভাব ও পরিবেশগত ঝুঁকির কারণে পরীক্ষায় কিছুটা প্রভাব পড়েছে।