বাংলাদেশেও ‘পিস টিভি’র সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ‘পিস টিভি’তে ধর্ম নিয়ে আলোচনায় জাকির নায়েক ইসলামের যে ব্যাখ্যা দেন তা নিয়ে বিতর্ক রয়েছে। বিতর্কিত ইসলামি বক্তা জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি’র সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে সাংবাদিকদের জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
জাকির নায়েকের বিরুদ্ধে জঙ্গিবাদে উৎসাহ দেয়ার অভিযোগ ওঠার পর ভারতেও পিস টিভি বন্ধের প্রক্রিয়া শুরু হয় শনিবার রাত থেকেই। যদিও ভারতে ‘পিস টিভি’র সম্প্রচার করার অনুমতি নেই, বেআইনিভাবে অনেক কেবল অপারেটর এই চ্যানেলটি সম্প্রচার করেন।
জাকির নায়েক পরিচালিত মুম্বাইভিত্তিক ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান হলো এই ‘পিস টিভি’। এ টিভিতে ধর্ম নিয়ে আলোচনায় ইসলামের যে ব্যাখ্যা তিনি দেন, তা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে।

Comments (0)
Add Comment