বিলুপ্ত হতে চলেছে ৩১ বছরের পুরনো প্রতিষ্ঠান এশিয়ান ক্রিকেট কাউন্সিল

স্পোর্টস ডেস্ক:
আইসিসি এবং নারায়নস্বামী শ্রীনিবাসনের আগ্রাসনে বিলুপ্ত হতে চলেছে ৩১ বছরের পুরনো প্রতিষ্ঠান এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা না হলেও আগামী জুলাই থেকে প্রায় অকার্যকর করে দেওয়া হচ্ছে এসিসিকে। প্রশ্ন উঠেছে এশিয়া কাপের কী হবে? এসিসির প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক জানিয়েছিলেন, আইসিসির অধীনেই অনুষ্ঠিত হবে পরবর্তী এশিয়া কাপের আসরগুলো। কিন্তু এখন শোনা যাচ্ছে নতুন কথা। এশিয়া কাপের পুরো ফরম্যাটই পরিবর্তন করে ফেলা হচ্ছে। ওয়ানডে টুর্নামেন্টের পরিবর্তে এবার অনুষ্ঠিত হবে, টি২০ এশিয়া কাপ। এসিসিতে বড় ধরনের পরিবর্তন আসার কারণে প্রায় ২২ বছরের নির্বাহী প্রধানের চাকরিটি হারাতে চলছেন সৈয়দ আশরাফুল হক নিজেও। দুবাইতে অনুষ্ঠিত আইসিসির বিশেষ সভাতেই সিদ্ধান্ত নেওয়া হয়, এসিসিতে বড় ধরনের এই পরিবর্তনের বিষয়ে। আগামী জুলাইতেই মালয়েশিয়া থেকে এসিসির সদর দপ্তর পরিবর্তন করে আনা হচ্ছে সিঙ্গাপুরে। মাত্র দু’জন স্টাফ দিয়ে চালানো হবে এসিসির কার্যক্রম। দুবাইতেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এসিসির প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক। সেখানেই তিনি বলেন, ‘এশিয়া কাপের ফরম্যাটে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। নতুন সিদ্ধান্ত অনুসারে ২০১৬ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি২০ ফরম্যাটে। কারণ, ২০১৬ ওয়ার্ল্ড টি২০’র আগে এশিয়ার দলগুলোর প্রস্তুতির জন্য এশিয়া কাপ টি২০ ফরম্যাটে আয়োজন করা হচ্ছে। এ টুর্নামেন্টে খেলার সুযোগ পাবে এশিয়ায় থাকা আইসিসির সহযোগী দেশগুলোও। যেমন, আফগানিস্তান, নেপাল, আরব আমিরাত, সিঙ্গাপুর কিংবা হংকংয়ের মত উঠতি ক্রিকেট শক্তিগুলো।’ তবে দুই বছর পর পর অনুষ্ঠিত এশিয়া কাপটি ২০১৮ সালে আবার ফিরে যাবে আগের ফরম্যাটে। সেবার অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্ট। কারণ, ২০১৯ বিশ্বকাপ। এশিয়ান দেশগুলো যেন, বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে পারে, সেজন্যই পূণরায় ওয়ানডে ফরম্যাটে ফিরিয়ে আনা হবে টুর্নামেন্টটি। এরপর ২০২০ এশিয়া কাপ হবে আবার টি২০ ফরম্যাটে। কারণ একটাই, ২০২০ আইসিসির ওয়ার্ল্ড টি২০। এরপর ২০২২ এশিয়া কাপ আবারও ওয়ানডে ফরম্যাটে। অর্থাৎ, টি২০ এবং ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে প্রতি দু’বছর পর পর পরিবর্তন হবে এশিয়া কাপের ফরম্যাটও। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে, এশিয়ায় থাকা আইসিসির সহযোগী দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে বাছাই পর্ব। সেখান থেকেই মূল টুর্নামেন্টের জন্য খেলতে আসবে যোগ্যতম দল। যোগ দেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলংকার সঙ্গে। ১৯৮৪ সালে প্রথম অনুষ্ঠিত হয় এশিয়া কাপ ক্রিকেট। সে থেকে কিছু ব্যতিক্রম ছাড়া প্রতি দু’বছর অন্তর অনুষ্ঠিত হয়ে আসছে এশিয়া কাপ। সর্বশেষ দুটি আসর (২০১২ এবং ২০১৪) এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। ২০১৬ এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতে।

Comments (0)
Add Comment